আটটি খাদ্যগুদাম নির্মাণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আটটি আধুনিক খাদ্যগুদাম নির্মাণ করা হবে। যেসব স্থানে এসব খাদ্যগুদাম নির্মিত হবে সেগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরব, ময়মনসিংহ, বরিশাল, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের মধুপুর।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ৯২০ কোটি টাকা। ২০১৪ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২০ সালের জুন মাসের মধ্যে এসব খাদ্যগুদাম নির্মাণ শেষ হবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে বার্ষিক তিন কোটি ৮০ লাখ টন খাদ্যশস্য উৎপাদন হয়। এর মধ্যে এক কোটি ৮০ লাখ টন খাদ্য মজুদের ব্যবস্থা রয়েছে। এখন আটটি নতুন খাদ্যগুদাম তৈরি হলে আরও ৪০ লাখ টন খাদ্য মজুদ করা সম্ভব হবে। আর নতুন খাদ্যগুদামগুলোতে চার-পাঁচ বছর খাদ্যশস্য সংরক্ষণ করা যাবে। বিদ্যমান খাদ্যগুদামগুলোতে প্রায় দুই বছর খাদ্যশস্য সংরক্ষণ করা যায়। এই প্রকল্পে এক হাজার ৯০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
খাদ্যগুদাম নির্মাণসহ একনেক সভায় গতকাল তিন হাজার ১৯০ কোটি টাকার মোট সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
অন্য প্রকল্পগুলো হলো ৩৭০ কোটি টাকার মেরিটাইম বা সামুদ্রিক নিরাপত্তা প্রকল্প, ১০৫ কোটি টাকার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প, ৩৫ কোটি টাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিপ্তরের অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ প্রকল্প, ৭৪ কোটি টাকার ভৈরব নদী পুনঃখনন প্রকল্প, ৩৪ কোটি টাকার বগুড়ায় আরডিএ খামার ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ প্রকল্প এবং ৬৫১ কোটি টাকার তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্প (সংশোধিত)।