আটটি বিষয়ে এসইসির সঙ্গে আলোচনা-সমন্বয়ের নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে প্রভাব ফেলে, এমন বক্তব্য প্রদান বা সিদ্ধান্ত গ্রহণের আগে এখন থেকে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলোচনা, সমন্বয় বা পরামর্শ করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পুঁজিবাজার বিষয়ে আট ধরনের সিদ্ধান্ত গ্রহণ বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এসইসির সঙ্গে আলোচনা বা সমন্বয়ের এই বাধ্যবাধকতা আরোপ করা হয়। এসইসির সঙ্গে আলোচনা না করে অনুমানের ভিত্তিতে মিডিয়াতে মন্তব্য না করারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ বিষয়গুলো হলো: ক. সরকারি বা অন্য কোনো কোম্পানির সরকারি শেয়ার পুঁজিবাজারে আসা না-আসাসংক্রান্ত বিষয়; খ. জাতীয় বাজেটে পুঁজিবাজার-সংক্রান্ত যেকোনো কর-প্রস্তাব, ব্যাখ্যা, বিশ্লেষণ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের পুঁজিবাজারসংক্রান্ত যেকোনো প্রজ্ঞাপন বা নীতি গ্রহণ; গ. পুঁজিবাজার বা তৎসংশ্লিষ্ট যেকোনো বিষয়সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের যেকোনো প্রজ্ঞাপন বা নীতি গ্রহণ; ঘ. পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, ডিপোজিটরি অংশগ্রহণকারী, ব্রোকার, ডিলার, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিষয়ে কোনো সংস্থা বা কর্তৃপক্ষ সরকারি প্রতিষ্ঠানের যেকোনো প্রজ্ঞাপন বা নীতি গ্রহণ; ঙ. সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীদের পুঁজিবাজারে বিনিয়োগ করা বা না-করাসংক্রান্ত যেকোনো প্রজ্ঞাপন বা নীতি গ্রহণ; চ. তথ্যভিত্তিক নয়, শুধু অনুমানের ভিত্তিতে মিডিয়াতে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কোনোরূপ মন্তব্য; এবং ছ. কোনো ব্যক্তি, প্রতিষ্ঠানের শেয়ারবাজারে কোনো উদ্যোগ নেওয়া-সম্পর্কিত তথ্য প্রদানের ক্ষেত্রে, যা পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন।