আঠা আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু অসাধু ব্যবসায়ী মিথ্যা ঘোষণা দিয়ে আঠা আমদানি করে শুল্ক ফাঁকি দিচ্ছেন। ফলে কম দামে আঠা বিক্রি করতে পারছেন তাঁরা। এতে দেশীয় আঠাশিল্প লোকসানের মুখে পড়েছে।এমন অভিযোগ বাংলাদেশ অ্যাডেসিভ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ)। সে কারণেই শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার কাছে সংগঠনটির নেতারা দেশীয় আঠাশিল্পের স্বার্থরক্ষায় আমদানি করা আঠার সম্পূরক শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছেন। এর সঙ্গে দেশেই উন্নতমানের আঠা উৎপাদনের খাতিরে এ খাতের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব করেছেন।রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার কমপ্লেক্সে গতকাল বুধবার বিএএমএ প্রকাশিত ব্যবসাসংক্রান্ত সংবাদবিষয়ক ম্যাগাজিন বিএএমএ ফোকাস-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নেতারা এসব দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়।বিএএমএর সভাপতি টি কে চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বেঙ্গল গ্রুপ ও আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, সমিতির মহাসচিব আতিকুল ইসলাম, উপদেষ্টা খবির উদ্দিন খান, হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।নেতারা জানান, দেশে এখন বছরে প্রায় ১২ হাজার টন আঠা উৎপাদিত হয়ে থাকে। এর বাজারমূল্য প্রায় এক হাজার ৩৫০ কোটি টাকা। জুতা প্রস্তুতসহ আঠাশিল্প খাতে প্রায় ২৫ লাখ লোকের কর্মসংস্থান জড়িত। আমদানি বিকল্প এ শিল্পে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বছরে প্রায় ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে। পাশাপাশি ৪০ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।দেশীয় আঠা উৎপাদকদের জন্য সহজ শর্তে ঋণদান ও আলাদা শিল্পাঞ্চল স্থাপনের দাবি জানিয়েছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।