আড়াই কোটি ডলারের চেক হস্তান্তর করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ কোটি ডলারের প্রতিশ্রুত অনুদানের মধ্যে আড়াই কোটি ডলারের (প্রায় ১৯৪ কোটি টাকা) চেক আজ সোমবার বাংলাদেশকে দিয়েছে ভারত। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে এ চেক তুলে দেন। 

ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ চেকটির মাধ্যমে ২০ কোটি ডলারের অনুদানের মধ্যে চতুর্থ ধাপের চেক হস্তান্তর করেছে ভারত। এ নিয়ে এখন পর্যন্ত ছাড় করা হয়েছে সাড়ে ১৭ কোটি ডলার।
বাংলাদেশকে দেওয়া একশ কোটি ডলার ঋণ চুক্তির মধ্যে ২০ কোটি ডলার অনুদান হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ২০১২ সালের মে মাসে ঢাকা সফরের সময় এ সিদ্ধান্তের কথা জানান। প্রণব মুখার্জি ভারতের অর্থমন্ত্রী থাকার সময় ২০১১ সালের আগস্টে ঢাকায় চুক্তিটি সই হয়।
আজকের বৈঠকে ৮০ কোটি ডলারের আওতায় চলমান ১৫টি প্রকল্পের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন পঙ্কজ সরন। ভারতীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক মনোভাবের জন্য তিনি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। এর মাধ্যমে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর পথ সুগম হবে।