সংশোধিত এডিপি প্রণয়নের কাজ শুরু ২৬ প্রকল্পের জন্য বাড়তি দেড় হাজার কোটি টাকা চায় শিক্ষা মন্ত্রণালয়
আড়াই শ প্রকল্পের জন্য আরও ৫৩০১ কোটি টাকা লাগবে
চলতি অর্থবছরে ২৫৩টি প্রকল্প শেষ করতে বাড়তি ৫ হাজার ৩০১ কোটি টাকা লাগবে। আগামী জুন মাসের মধ্যে এ প্রকল্পগুলো শেষ করতে এই বাড়তি বরাদ্দ চেয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।
বাড়তি এই বরাদ্দ দিতে পরিকল্পনা মন্ত্রণালয় একটি কৌশল অনুসরণ করছে। বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পে দাতাদের দেওয়া টাকা বেশি ব্যবহার করা হবে। আর স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া অর্থ কম ব্যবহার করা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ থাকা সেই স্থানীয় মুদ্রার অর্থ স্থানান্তর করে সমাপ্ত প্রকল্পে দেওয়া হবে।
ইতিমধ্যে চলতি এডিপি কাটছাঁটের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ জানুয়ারি সব মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভা করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। সভায় এ বছর শেষ হবে এমন প্রকল্পে বাড়তি কী পরিমাণ বরাদ্দ দিতে হবে, তা জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ ছাড়া একই সভায় প্রকল্প সাহায্যের সর্বোচ্চ কী পরিমাণ অর্থ ব্যবহার করা সম্ভব হবে, তা শিগগিরই পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) জানানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া যেসব মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্প বাস্তবায়ন হার সন্তোষজনক নয়, সেখান থেকে অর্থ স্থানান্তর করে সমাপ্ত প্রকল্পে দেওয়া হবে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের ২৫৩টি প্রকল্প শেষ করার জন্য নির্ধারিত আছে। এর মধ্যে ১২৩টি প্রকল্পই হলো স্থানীয় সরকার বিভাগ, সড়ক বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের।
উল্লেখ্য, এ বছর সমাপ্ত হবে এমন প্রকল্পগুলোতে চলতি এডিপিতেও কিছু অর্থ বরাদ্দ রয়েছে। তবে তা প্রকল্পটি শেষ করার জন্য পর্যাপ্ত নয়। প্রকল্প প্রস্তাব অনুযায়ী প্রতিবছর যে পরিমাণ টাকা বরাদ্দ দেওয়ার কথা, তা কোনো বছরই দেওয়া হয়নি। ফলে শেষ বছরে এসে অর্থসংকটের কারণে প্রকল্পগুলো শেষ করা যাচ্ছে না।
পরিকল্পনাসচিব ভুঁইয়া সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদেশি সাহায্যের অর্থ বেশি ব্যবহার করে এডিপিতে থাকা স্থানীয় মুদ্রার টাকা অন্য প্রকল্পে নেওয়া হবে। এ ছাড়া প্রতিটি মন্ত্রণালয়ের অধীনে কিছু থোক বরাদ্দ থাকে। প্রয়োজনে সেই অর্থ বরাদ্দ দিয়ে প্রকল্প শেষ করা হবে।
আগামী জুন মাসের মধ্যে ২৬টি প্রকল্প শেষ করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য এসব প্রকল্পের নিয়মিত বরাদ্দের অতিরিক্ত ১ হাজার ৫০৩ কোটি টাকা চেয়েছে এ মন্ত্রণালয়। প্রকল্পগুলোর অন্যতম হলো উচ্চমাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প (চতুর্থ পর্যায়), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ইনস্টিটিউট স্থাপন।
উল্লেখ্য, এ বছর শিক্ষা মন্ত্রণালয়ের মোট ৮৬টি প্রকল্পে ৩ হাজার ৬৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। ডিসেম্বর মাস পর্যন্ত খরচ হয়েছে ১ হাজার ১৮২ কোটি টাকা, যা বরাদ্দের ৩২ শতাংশ।
এ বছরের এডিপিতে সবচেয়ে বেশি ১৩ হাজার ৩৭৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিভাগের ১৫৭টি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে ৩৪টি প্রকল্প এ বছর শেষ হওয়ার কথা রয়েছে। চলতি অর্থবছরে এ প্রকল্পগুলো শেষ করতে বাড়তি ৪০৪ কোটি টাকা বরাদ্দ দিতে হবে। স্থানীয় সরকার বিভাগের অধীনে এ বছর সমাপ্ত হবে—এমন প্রকল্পের অন্যতম হলো উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, খিলগাঁও ফ্লাইওভারে লুপ (Üসায়েদাবাদ প্রান্তে) নির্মাণ প্রকল্প, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্প, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প, টঙ্গী শহরের পানি সরবরাহ, স্যানিটেশন ও ড্রেনেজ প্রকল্প, মংলা পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্প, রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন, সিলেট সিটি করপোরেশনের অনুন্নত এলাকায় কাঁচা রাস্তা ও ড্রেন নির্মাণ প্রকল্প, বরিশাল সিটি করপোরেশেনর সড়ক উন্নয়ন, প্রশস্তকরণসহ ড্রেন ও ফুটপাত নির্মাণ, চট্টগ্রামের বহদ্দারহাট মোড় থেকে কর্ণফুলী নদী পর্যন্ত মেরিনার্স বাইপাস সড়ক উন্নয়নসহ ডাইভারশন খাল ও সন্নিহিত খালসমূহের পুনর্বাসন প্রকল্প। উল্লেখ্য, ডিসেম্বর পর্যন্ত এ বিভাগটি মোট খরচ করেছে ৪ হাজার ৯৭৫ কোটি টাকা, যা বরাদ্দের মাত্র ৩৭ শতাংশ।
চলতি অর্থবছরের এডিপিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১২০টি প্রকল্পে ৪ হাজার ২৯৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ বছর বিভাগটির ৫৫টি প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু এ প্রকল্পগুলো শেষ করতে নির্ধারিত বরাদ্দের অতিরিক্ত আরও ২৩২ কোটি টাকা লাগবে। এ বিভাগের সম্ভাব্য সমাপ্তির তালিকায় থাকা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো শিরনিরটেক থেকে গাবতলী সেতু পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ, বাঞ্ছারামপুর-হোমনা সড়ক উন্নয়ন, সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক নির্মাণ, মাস্টারপাড়া-মির্জাপুর-পিরুজালি-নুহাশপল্লী-মাওনা সড়ক উন্নয়ন, বানিয়াচং-নবীগঞ্জ সড়ক নির্মাণ। উল্লেখ্য, চলতি অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১ হাজার ২৫৪ কোটি টাকা খরচ করেছে, যা বরাদ্দের ২৯ শতাংশ।
চলতি অর্থবছরে আটটি প্রকল্প শেষ করতে চায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মধ্যে অন্যতম হলো প্রাকৃতিক দুর্যোগ সহনীয় প্রযুক্তির সাহায্যের সরকারি ভবনসমূহ নির্মাণ ও রেট্রোফিটিং কাজে সক্ষমতা বৃদ্ধি প্রকল্প, দরিদ্রমুখী বস্তি উন্নয়ন প্রকল্প।
উল্লেখ্য, চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন ৮০ হাজার ৩১৫ কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছে। মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ২৮৭। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের ৫ হাজার ৬৮৫ কোটি টাকার প্রকল্পও এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ৮৬ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়িত হচ্ছে।