আড়াই হাজার গাড়ি প্রত্যাহার করবে হুন্দাই ইন্ডিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রুটিযুক্ত ‘স্টপ’ বাতির সুইস পাল্টাতে ‘সান্তা ফি’ মডেলের গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হুন্দাই ইন্ডিয়া।
ত্রুটিযুক্ত ‘স্টপ’ বাতির সুইস পাল্টাতে ‘সান্তা ফি’ মডেলের গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হুন্দাই ইন্ডিয়া।

ভারতের বাজার থেকে স্পোর্টস সুবিধাসংবলিত প্রায় আড়াই হাজার গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে হুন্দাই মোটর ইন্ডিয়া। ত্রুটিযুক্ত ‘স্টপ’ বাতির সুইস বদলের জন্য ‘সান্তা ফি’ মডেলের এই গাড়িগুলো প্রতিষ্ঠানটি প্রত্যাহার করবে বলে গতকাল শনিবার ইন্ডিয়া টুডের খবরে বলা হয়।
দক্ষিণ কোরিয়ার এই কোম্পানির ভারতীয় ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, ২০১১ সালের ২৬ জুন থেকে ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তৈরি সান্তা ফি মডেলের দুই হাজার ৪৩৭টি গাড়ি তারা স্বেচ্ছায় প্রত্যাহার করবে।
হুন্দাই জানিয়েছে, স্টপ ল্যাম্প সুইচ ঠিকমতো কাজ না করায় সেগুলো পরিবর্তনের জন্য এসব গাড়ি প্রত্যাহার করা হবে। এই সুইচগুলো ব্রেক-প্যাডেলের সঙ্গে সংযুক্ত থাকে। সাধারণত প্যাডেলে চাপ পড়লে সুইচ চালু হয়। ওই সুইচ পরিবর্তনের জন্য ত্রুটিযুক্ত সান্তা ফি গাড়িগুলো হুন্দাইয়ের অনুমোদিত ডিলারদের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গাড়ির মালিকদের।
সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স ২০১২ সালে স্বেচ্ছায় প্রত্যাহারের নীতিমালা প্রণয়নের পর নিরাপত্তার ইস্যুতে বিভিন্ন গাড়ি প্রত্যাহার করে থাকে। এর আগে হোন্ডা কারস ইন্ডিয়া লিমিটেড ব্রেকে ত্রুটি থাকার কারণে ৩১ হাজার ২২৬টি গাড়ি প্রত্যাহার করেছিল। এ ছাড়া গত মাসে মারুতি-সুজুকি ইন্ডিয়া এক লাখ তিন হাজার ৩১১টি এরতিগা, সুইফট ও ডি-জায়ার মডেলের গাড়ি প্রত্যাহার করে।