আড়ালেই থাকছে কালোটাকা

বাংলাদেশের অর্থনীতিতে কালোটাকার পরিমাণ কত—এর কোনো সঠিক হিসাব নেই। তবে অর্থনীতিতে যে কালোটাকা রয়েছে, তা সব সরকারের অর্থমন্ত্রীরাই স্বীকার করেন। বিনিয়োগের স্বার্থে কালোটাকা সাদা করার সুযোগও দিয়েছেন তাঁরা। কালোটাকা সাদা হবে— তাঁদের সেই আশায় কখনো খুব বেশি সাড়া পাওয়া যায়নি। এর ফলে বিপুল পরিমাণ কালোটাকা আড়ালেই থাকছে।
সুযোগ পেয়েও কালোটাকার মালিকেরা কালোটাকা সাদা করায় আগ্রহ দেখান না। আবার ব্যবসায়ী বা ধনী ও প্রভাবশালীরা বিনিয়োগের স্বার্থে কালোটাকা সাদা করার সুযোগ চান, তাঁদের দাবিতে প্রায় সব সরকারই এ সুযোগ দিয়েছে। এমনকি ঢালাওভাবে এ সুযোগ দেওয়ার পরও খুব বেশি কাজ হয়নি।
বিগত ২০ বছর ধরে প্রতিবছরই কোনো না কোনোভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে আয়কর অধ্যাদেশে ১৯ই নামে নতুন একটি ধারা সংযোজন করে জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগটি স্থায়ী করা হয়। এর পাশাপাশি বর্তমানে ফ্ল্যাট কেনায় কালোটাকা সাদা করার সুযোগ তো রয়েছেই।
বাংলাদেশের আয়করের ভাষায় কালোটাকার কোনো আভিধানিক অর্থ নেই। যে আয় বছর শেষে বার্ষিক আয়কর বিবরণীতে দেখানো হয় না, সেটাকে অপ্রদর্শিত আয় হিসেবে গণ্য করা হয়। একে কর-অনারোপিত আয়ও বলা হয়। আর করযোগ্য আয়ে কর না দিলে সেই আয় অবৈধ। মোটাদাগে তা কালোটাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে যে প্রজ্ঞাপন জারি করে, তাতেও কিছুটা চতুরতা থাকে। দুই বছর ধরে কালোটাকা দিয়ে ফ্ল্যাট কেনার সুযোগ দেওয়া হয়েছে। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কালোটাকায় ফ্ল্যাট কিনলে বিনিয়োগের উৎস সম্পর্কে প্রশ্ন করবে না এনবিআর। নির্ধারিত কর দিলেই চলবে। আবার একই আদেশে বলা হয়েছে, অবৈধ উপায়ে বা সন্ত্রাসী সংঘটনের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে এ ফ্ল্যাট কেনা যাবে না। এটা এনবিআরের পরস্পরবিরোধী অবস্থান।
এর ফলে কালোটাকার মালিকেরা টাকা সাদা করায় উৎসাহ দেখান না। এনবিআর সূত্রে জানা গেছে, গত দুই বছরে ২ হাজার ৫৫০ জন ফ্ল্যাট কেনায় কালোটাকা ব্যবহার করেছেন। এতে এনবিআর ২৫ কোটি টাকা কর পেয়েছে। এনবিআর সূত্রমতে, বিভিন্ন সরকারের সময়ে দেওয়া সুযোগে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত প্রায় ১৩ হাজার কোটি টাকা সাদা হয়েছে।
অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কালোটাকা সাদা করতে দেওয়া কোনো সুযোগ নয়, এর মাধ্যমে সরকার দুর্বৃত্তদের ছত্রচ্ছায়া দেয়। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। কালোটাকার দেশের অর্থনীতি ও রাজনীতিকে দুর্বৃত্তায়িত করছে। সরকারই চায় না কালোটাকার মালিকেরা ধরা পড়ুক।’
মইনুল ইসলাম জানান, হংকংয়ের অর্থনীতি একসময় দুর্বৃত্তদের দখলে ছিল। ব্যাপক দুর্নীতি দমন কার্যক্রমের মাধ্যমে হংকং সেই অবস্থা থেকে বের হয়ে এসেছে। কিন্তু বাংলাদেশে কালোটাকার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।
কালোটাকার মালিকেরা লুকিয়ে রাখার প্রবণতার কারণে এ অর্থ পরিমাপ করাও বেশ কঠিন। তবে ২০১১ সালে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ছায়া অর্থনীতি নিয়ে এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৪ শতাংশের সমপরিমাণ কালোটাকা রয়েছে।
কালোটাকা প্রসঙ্গে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, এ ধরনের সুযোগ দেওয়া বৈষম্যমূলক ও অনৈতিক। সংবিধানের ২০(২) ধারা অনুযায়ী, রাষ্ট্র এমন অবস্থার সৃষ্টি করবে যেখানে অনুপার্জিত আয় অবৈধ হয়। তাই কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া সংবিধানপরিপন্থী।
ইফতেখারুজ্জামানের মতে, কালোটাকা সাদা করার সুযোগ দিলে যাঁরা বৈধ উপায়ে টাকা আয় করেন, তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। বর্তমানে যে আবাসন খাতে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, তাতে এ খাতটি কালোটাকার মালিকেরা দখল করে ফেলবেন। বৈধ উপায়ে আয় করেন, এমন মানুষ ফ্ল্যাট কিনতে পারবেন না।
চার দশক আগে শুরু: স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সাড়ে তিন বছরে কালোটাকা সাদা করার কোনো সুযোগ দেওয়া হয়নি। তবে অভিযোগ রয়েছে, সেই আমলে বিপুলসংখ্যক মানুষ কালোবাজারি করে কালোটাকার মালিক হয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালে সামরিক সরকারের আমলে বাংলাদেশে প্রথম কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। সে সময়ে ছয় নম্বর সামরিক আইনের অধীনে ‘কর-অনারোপিত আয়’ ঘোষণার জন্য ১৯৭৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। তখন ২৫ শতাংশ কর দিয়ে টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। পরে অবশ্য এ সময় আরও বাড়ানো হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৭-৭৮ অর্থবছরের বাজেট ঘোষণার সময় আবারও কালোটাকা সাদা করার সুযোগ দেন। প্রথম দফায় মাত্র ৭০ কোটি টাকা সাদা হয়েছিল। এতে সরকার কর পায় ১০ কোটি টাকা।
১৯৮১-৮২ অর্থবছরের বাজেটে একটু ভিন্নভাবে আবার কালোটাকা সাদা করা সুযোগ দেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। এক লাখ পর্যন্ত পুঁজি খাটিয়ে এক-চতুর্থাংশ নিট মুনাফা দেখালে এ পুঁজির উৎস জানতে চাওয়া হয়নি।
এরপর এরশাদ আমলে মোট চারবার এ সুযোগ দেওয়া হয়। প্রথমবার ১৯৮২ সালে সামরিক আইনের আওতায় ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এ সুযোগ থাকে ১৯৮৪ সাল পর্যন্ত। এরপর ১৯৮৭-৮৮ অর্থবছরের বাজেটে ২০ শতাংশ হারে কর দিয়ে বিনা প্রশ্নে যেকোনো অঙ্কের টাকা সাদা করার সুবিধা দেওয়া হয়। সে বছর প্রায় ২০০ কোটি টাকা সাদা হয়। এ ছাড়া একইভাবে ১৯৮৮-৮৯ ও ১৯৮৯-৯০ অর্থবছরে যথাক্রমে আড়াই শ কোটি টাকা ও চার শ কোটি টাকা সাদা হয়। ১৯৯০ সালের এরশাদ সরকারের পতনের পর বিএনপি ক্ষমতায় আসে। প্রথম বাজেট বক্তব্য দিতে গিয়েই তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কালোটাকা সাদা করার সুযোগ আর না দেওয়ার ঘোষণা দেন। তিনি তাঁর প্রতিশ্রুতি রেখেছিলেন। ১৯৯১-৯৬ মেয়াদে তিনি এ সুযোগ দেননি। অবশ্য পরের মেয়াদে তিনি তাঁর এ অবস্থান ধরে রাখতে পারেননি।
১৯৯৬-২০০১ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। সে আমলে প্রতিবছরই কোনো না কোনোভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম তিন বছর শিল্প খাতে বিনিয়োগেই এ সুযোগ দেওয়া হয়। পরে ১৯৯৯-২০০০ অর্থবছরে কালোটাকায় প্রথমবারের মতো বাড়ি-গাড়ি কেনার সুযোগ দেওয়া হয়। কিন্তু খুব বেশি সাড়া মেলেনি তখন। আর ২০০০-২০০১ অর্থবছরে এ সুযোগ উন্মুক্ত করে দেওয়া হয়। ১০ শতাংশ কর দিয়ে ঢালাওভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। ফলে সে বছরই প্রায় হাজার কোটি টাকা সাদা হয়।
এরপর ২০০১ সালে ক্ষমতার পালাবদলে বিএনপি ক্ষমতায় আসে। তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান আর আগের অবস্থান ধরে রাখতে পারেননি। প্রতিবছরই বাড়ি-গাড়ি, শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্তই সবচেয়ে বেশি ৮ হাজার ৩২৯ জন ৬ হাজার ৩৭৮ কোটি টাকা সাদা করেন।
এরপর জরুরি অবস্থা জারির পর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযানে নামে। কিন্তু এ সরকারও কিছুটা ভিন্নভাবে কালোটাকা সাদা করার সুযোগ দেয়। বৈধভাবে উপার্জিত অপ্রদর্শিত অর্থ ঘোষণা দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সরকারের আমলেও মোট ৩২ হাজার ৫৫৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৩ হাজার ৭৭৫ কোটি টাকা সাদা হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই আবার কালোটাকার সুযোগ দেয়। এ ধারা এখনো অব্যাহত আছে।