আতঙ্ক তৈরি হয় জাল নোট নিয়ে এমন মন্তব্য না করার আহ্বান
বাজারে প্রচলিত নোট (টাকা) নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয় এমন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, ‘জ্ঞানী-গুণী মানুষের কাছে অনুরোধ করব, তথ্যভিত্তিক নয় এমন কথা বলা ঠিক নয়। নিশ্চিত না হয়ে এ ধরনের মন্তব্য করবেন না। এতে জনমনে বিভ্রান্তি দেখা দেয়।’জাল নোট প্রতিরোধ-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গভর্নর গতকাল বুধবার এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও জাতীয় কমিটির প্রধান দাশগুপ্ত অসীম কুমার, নির্বাহী পরিচালক ও সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জিয়াউদ্দীন আহমেদ, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, র্যাব, পুলিশ, সিআইডি, এনএসআই, ডিজিএফআই, বিজিবির প্রতিনিধিরা অংশ নেন।বৈঠকের তথ্যে জানা যায়, ১৯৯৮ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত জাল নোট-সংক্রান্ত পাঁচ হাজার ২১টি মামলা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে এক হাজার ৩৩৪টি। বেশ কিছু মামলার সাজা হয়েছে। ১৪ বছর পর্যন্ত জেল হয়েছে। তবে অনেক মামলায় সাক্ষীর অভাবে দোষীরা ছাড়া পেয়েও গেছেন।জিয়াউদ্দীন আহমেদ বলেন, দেশের নোটের কাগজ সবচেয়ে বেশি টেকসই এবং উন্নতমানের। এই কাগজের ৯০ ভাগ সুতা ও ১০ ভাগ সিনথেটিক। এই কাগজের শোষণক্ষমতা একেবারেই কম। যে কারণে পানি দাঁড়ায় না। বিশ্বখ্যাত কোম্পানিগুলোও এই কাগজ তৈরি করতে পারে না। কোনো জাল নোটেই এই কাগজ পাওয়া যাবে না। সুতা ব্যবহারের মাধ্যমে কাগজ তৈরির প্রযুক্তি কোথাও নেই। একমাত্র ইংল্যান্ডের একটি কোম্পানি এটা তৈরি করে। নোটে ব্যবহার করা হয় অপটিক্যাল ভেরিয়েবল ইঙ্ক বা ওভিআই। যে কারণে এই নিরাপত্তাটির রং পরিবর্তন হয়। জাল নোট হয় রঙিন ফটোকপি করে। তাতে নিরাপত্তার দিকগুলো থাকে না।জিয়াউদ্দীন বলেন, নোটটি তৈরি হয় লম্বা রেখা দিয়ে। কিন্তু সাধারণ কাগজ তৈরি হয় ডট দিয়ে। জাল নোট অনেক বেশি ঝকঝকে হয়। কিন্তু সুতায় তৈরি হয় বলে আসল নোট ততটা ঝকঝকে হয় না। সাদা কাগজে ঘষলে আসল নোটের সামান্য রং উঠতে পারে। কিন্তু জাল নোটের ওঠে না। কারণ এর কাগজ অপসেট পেপারের এবং তা শোষণমাত্রা বেশি।প্রশ্নের জবাবে দাশগুপ্ত অসীম বলেন, দেশে এখন ৬৮ হাজার কোটি নোট ছাড়া আছে। প্রতিদিন পাঁচ হাজার কোটি জাল নোট এলে ১৫ দিনে তা এই পরিমাণ ছাড়িয়ে যেত। তিনি বলেন, জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাতের সঙ্গে তিনি কথা বলেছেন। বারকাত জানিয়েছেন যে গণমাধ্যমে যেভাবে এসেছে, তা তিনি বলেননি। সাংবাদিকেরা ভুল লিখেছেন।দাশগুপ্ত অসীম আরও বলেন, তিনি বারকাতের কাছে জানতে চেয়েছিলেন জনতা ব্যাংকের কাছে যেসব টাকা আছে তার মধ্যে জাল নোট কী পরিমাণ, তা পরীক্ষা করিয়েছেন কি না। জবাবে বারকাত জানিয়েছেন যে তিনি তা করাননি।কিন্তু বাংলাদেশ ব্যাংক এরপর জনতা ব্যাংকে গিয়ে ভল্টের টাকা পরীক্ষা করেছে। বিপুল পরিমাণ টাকার মধ্যে একটিও জাল পায়নি। একইভাবে সোনালী, মার্কেন্টাইল, ডাচ্-বাংলা, উত্তরা ব্যাংকে ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি গিয়ে জাল নোট আছে কি না, তা পরীক্ষা করেছেন। কিন্তু কোনো জাল নোট পাননি।দুটি ব্যাংকের চেয়ারম্যান জাল নোট নিয়ে কথা বলেছেন। তার মধ্যে রাষ্ট্রমালিকানাধীন একটা ব্যাংকের চেয়ারম্যান প্রথমে বলেছেন, প্রতিদিন পাঁচ হাজার কোটি টাকার জাল নোট বাজারে আসছে। এক দিন পর সংশোধন করে বলেন, এক হাজার কোটি টাকার (যা পাঁচ হাত ঘুরে) জাল নোট বাজারে আছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের শাসন কী হবে?এমন প্রশ্নের জবাবে আতিউর রহমান বলেন, যাঁরা এমন মন্তব্য করেছেন, তারা না বুঝে এমন কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আশা করি ভবিষ্যতে সবাই বাংলাদেশ ব্যাংকের অনুরোধ রাখবেন। দায়িত্বশীলেরা সচেতনভাবে কথা বলবেন।গভর্নর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আবদুল জলিলের সঙ্গে কথা বলেছি। তিনি (আবদুল জলিল) আমাকে বলেছেন, তিনি যা বলেছেন তা অনেক পুরোনো তথ্যের ভিত্তিতে, সমসাময়িক তথ্য নয়। তিনি এ জন্য দুঃখও প্রকাশ করেছেন।’