আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার আহ্বান জানিয়েছে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ জেনারেল ইনভেস্টরস ফোরাম। ফোরামের নেতারা বলেছেন, একটি কুচক্রী মহল বাজারের মূল্যসূচক আরও কমে যাবে বলে অপপ্রচার চালিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার বিক্রিতে প্রলুব্ধ করছে। আর এ সুযোগে তারা কম দামে শেয়ার কিনে নিচ্ছে।গতকাল শনিবার ঢাকায় আয়োজিত ‘শেয়ারবাজারের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় দেশের পুঁজিবাজারে বড় ও মাঝারি বিনিয়োগকারীরা এসব অভিমত জানান। তাঁরা বলেন, যাঁদের কাছে শেয়ার রয়েছে, তাঁরা বিক্রি না করলে পুঁজি হারানোর সুযোগ কম। কারণ, শেয়ারের দাম বাড়লে পুঁজি ফিরে পাওয়া যাবে। কিন্তু প্রতি শেয়ারের দাম যেভাবে কমেছে, তাতে বর্তমানে শেয়ার বিক্রি করে দিলে পুঁজি হারিয়ে যাবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এ সভায় ইয়াকুব আলী খন্দকার সভাপতিত্ব করেন। সভায় বড়, মাঝারি ও ক্ষুদ্র মিলিয়ে কয়েক শ বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বিনিয়োগকারীরা ‘ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস অব বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগকারীদের একটি জাতীয় সংগঠন গঠন করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটিও গঠন করেন। প্রস্তাবিত কমিটিতে ইয়াকুব আলী খন্দকারকে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক করা হয়। ১৩ সদস্যবিশিষ্ট কমিটিতে যুগ্ম আহ্বায়কেরা হলেন: সুলাইমান রুবেল, আবু সাদাত মো. সায়েম, মোহাম্মদ গোলাম মোস্তফা, সেলিম মিঞা, আবু তাহের, শরিফ আহাম্মেদ, একরামুল হক বিল্টু, ইয়াসমিন রাব্বী পপি, ইকবাল আহমেদ, জাকির হোসেন নায়েম, মো. সাজেদুল হাছান শাহীন ও মো. আবদুল হাফিজ সাঈদ।সভায় বক্তারা বলেন, অর্থমন্ত্রী আইসিবিসহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে শেয়ার কেনার নির্দেশ দিলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো শেয়ার কেনেনি। তারা কী পরিমাণ শেয়ার কিনেছে, তার তথ্য অর্থমন্ত্রী ব্যাংকগুলোর কাছে সংগ্রহ করলেই বুঝতে পারবেন।