আতঙ্কে চামড়া কিনছেন না যশোরের ব্যাপারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের রাজারহাট মোকামে এভাবেই কোরবানির পশুর চামড়া বিক্রির জন্য মজুত করা হচ্ছে। ছবিটি গতকাল তোলা l এহসান–উদ–দৌলা, যশোর
যশোরের রাজারহাট মোকামে এভাবেই কোরবানির পশুর চামড়া বিক্রির জন্য মজুত করা হচ্ছে। ছবিটি গতকাল তোলা l এহসান–উদ–দৌলা, যশোর

সারা দেশের মতোই যশোরের মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে কোরবানির পশুর চামড়া কিনেছেন। কিন্তু ট্যানারি মালিকেরা বেশি দামে চামড়া কিনতে আগ্রহী নন।
বেশি দামে চামড়া কিনলে ট্যানারি মালিকেরা যদি তা না কেনেন, এই আতঙ্কে আছেন ব্যাপারীরা। তাই তাঁরা চামড়া কেনা কমিয়ে দিয়েছেন। সে কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চামড়ার অন্যতম বড় মোকাম যশোরের রাজারহাটে ব্যাপারীশূন্যতা দেখা দিয়েছে। এতে বিপদে পড়েছেন বেশি দামে চামড়া কেনা মৌসুমি ব্যবসায়ীরা।
এ অবস্থায় চামড়ার দাম পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা।
বৃহত্তর যশোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুকুল সাংবাদিকদের বলেন, গত বছরের তুলনায় এবার ঈদ-পরবর্তী হাটের দিনে চামড়ার সরবরাহ অনেক কম। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচাতে অবিলম্বে চামড়ার দাম পুনর্নির্ধারণ করা প্রয়োজন।
রাজারহাট মোকামে গতকাল মঙ্গলবার বসেছিল ঈদের পর দ্বিতীয় হাট। কিন্তু চামড়া নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তেমন কর্মতৎপরতা দেখা যায়নি। অন্য বছরের তুলনায় এবার হাটে চামড়ার সরবরাহও বেশ কম। কুষ্টিয়া, নাটোর, ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যাপারীর সংখ্যাও ছিল অনেক কম। যেসব ব্যাপারী এসেছেন, তাঁদের বেশির ভাগ চামড়া কেনার চেয়ে যাচাই-বাছাই বেশি করেছেন।

যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী অসিত চন্দ্র দাস বলেন, চামড়া কেনার সময় একধরনের প্রতিযোগিতা হয়। যে কারণে দামের আর নিয়ন্ত্রণ থাকে না। তাই নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে চামড়া কিনতে হয়েছে।

নড়াইলের ক্ষুদ্র ব্যবসায়ী রতন কৃষ্ণ বিশ্বাস বলেন, স্থানীয় মহাজনের কাছ থেকে সুদে ৪০ হাজার টাকার ঋণ নিয়ে ৩৫টি গরুর চামড়া কিনেছেন। কেনা দামেও তিনি চামড়া বিক্রি করতে পারছেন না।

তবে কুষ্টিয়া থেকে আসা চামড়ার ব্যাপারী লিটন হোসেন বলেন, ‘নির্ধারিত দামের চেয়ে বেশি দাম এখানে চাওয়া হচ্ছে। বেশি দামে কিনে যদি ট্যানারি মালিকেরা তা না দেন, সেই ভয়ে চামড়া কিনতে সাহস পাচ্ছি না।’