আতঙ্কের বাজারে বুঝেশুনে পা ফেলুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌরী সেন ছিলেন ১৭-১৮ শতকের সুবর্ণবণিক সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যবসায়ী। নানাভাবে তিনি বিপদগ্রস্ত মানুষকে অর্থসাহায্য করতেন। সেই থেকে বলা হয়, ‘লাগে টাকা, দেবে গৌরী সেন’।জীবনের জন্য প্রয়োজন সঞ্চয়। একটা সময় ছিল, অনিশ্চিত ভবিষ্যতের জন্য কিছু অর্থ রাখতেই হতো। আর এখন অনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি যোগ হয়েছে বাড়তি স্বাচ্ছন্দ্যের আকাঙ্ক্ষা। কিন্তু এখন আর গৌরী সেন নেই। তবে অর্থ প্রয়োজন। কে দেবে অর্থ?বাংলাদেশে শেয়ারবাজারই এখন গৌরী সেন। শেয়ারবাজার অর্থ দিচ্ছে, আর সেই অর্থ পেতে এই বাজারে মানুষ আসছে ‘বানের লাহান’। এক বছর আগেও বাজারে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবধারীর সংখ্যা ছিল ১৫ লাখেরও কম। আর এখন প্রায় ৩২ লাখ। এই গৌরী সেনের কাছে প্রতিদিনই মানুষ আসছে। একটুখানি সুখ স্বাচ্ছন্দ্য তো আছেই, এখন শেয়ারবাজার দিচ্ছে গাড়ি ও বাড়ি। বেকার থেকে শুরু করে সমাজের এমন কোনো শ্রেণী নেই, যারা শেয়ারবাজারে একখানি হিসাব খোলেননি। দেশের মানুষ কিছু একটা করে বাড়তি আয় করছে, আর এই পরিস্থিতিতে খুশি হওয়ারই কথা।কিন্তু গত বুধবারের মাত্র সোয়া এক ঘণ্টায় সূচকের ভয়াবহ পতনের পর খুশি হওয়ার সুযোগ কমে গেছে। বরং বলা যায়, বাংলাদেশের শেয়ারবাজার এখন আতঙ্কের বাজারে পরিণত হয়েছে। সূচকের পতনে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। বিক্ষোভ ঠেকাতে নামা পুলিশের এক হাতে লাঠি থাকলেও তাদের আরেক হাতের মুঠোফোন থেকে অনবরত শেয়ারের খবর নিতেও দেখা গেছে। এর আগেও বাজার পতনে ছোটখাটো বিক্ষোভ দেখা গেছে। কিন্তু বুধবারের সূচকের পতন ছিল ভয়াবহ, আরও বিক্ষোভের চেহারাও ছিল অন্যরকম। তবে বাজারের পতন ঘটা শুরু হলেই বিক্ষোভ আর তাতে বাজারকে ঘুরে দাঁড় করানোর মধ্যে সাময়িক কৃতিত্ব আছে, স্বস্তি নেই।বাঙালি মধ্যবিত্তের হঠাৎ এই বিনিয়োগ-আকাঙ্ক্ষা বেড়ে যাওয়া চমকপ্রদ তো বটেই। বলতে শুনি, মধ্যবিত্তরা ঝুঁকি নিতে চান না। কিন্তু অর্থনীতির শাস্ত্র অনুযায়ী, শেয়ারবাজার তো ফাটকা বাজারেরই অংশ এবং এর মূল কথাই ঝুঁকি। একসময় মধ্যবিত্তেরা ব্যাংকে টাকা রাখতেন। এরচেয়ে নিরাপদ বিনিয়োগ দ্বিতীয়টি নেই। তবে এই নিরাপদ বিনিয়োগের সুদের হার ক্রমান্বয়ে কমতে থাকায় ব্যাংকে টাকা রাখায় উৎসাহ কমেছে। দ্বিতীয় পছন্দের জায়গা ছিল সঞ্চয়পত্র। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে সঞ্চয়পত্রের সুদের হারও কমছে। এতেও মুখ ফিরিয়ে নিয়েছেন অনেকেই। বাকি রইল শেয়ারবাজার। মধ্যবিত্তেরা এখন শেয়ারবাজারে। তবে মনে করার কোনো কারণ নেই যে বাঙালি মধ্যবিত্তেরা ঝুঁকি নিতে শিখেছে। বরং বলা যায়, অধিকাংশই না জেনে, না বুঝেই ঢুকে পড়ছে শেয়ারবাজারে।আপনাকে দোষ দিয়ে কী হবে। আপনার চারপাশের অনেকেই লাখপতি হয়ে গেছেন, কোটিপতির সংখ্যাও আছে। তাহলে আপনি এই বাজারে যাবেন না কেন? আবার একসময় রাজনীতি চায়ের কাপে ঝড় তুলত। এখন আপনি যেখানেই কান পাতবেন, শুনবেন শেয়ারের গল্প। শরীর ও মনের চাঙাভাব এখন নির্ভর করে শেয়ারবাজারের চাঙাভাবের ওপর। এসব কিছুই আপনাকে ঠেলে দেবে শেয়ারবাজারে। আবার আপনি আয়-মূল্য অনুপাত (পাইস-আর্নিং রেশিও বা পিই) দেখে, ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারই বা কেন কিনবেন? এসব কোম্পানির শেয়ার কিনে রাতারাতি লাখপতি হয়েছেন, এমন কাউকে তো পাননি। তাহলে এসব শেয়ার আপনিই বা কেন কিনবেন।তার অর্থ বাংলাদেশের এখনকার শেয়ারবাজারকে মোটেই স্বাভাবিক বলা যাবে না। বেশির ভাগ শেয়ার অতি মূল্যায়িত। এর মধ্যে বেশির ভাগই দুর্বল মৌলভিত্তির কোম্পানি। সুতরাং দাম কত কমলে একে বাজার সংশোধন বলা যাবে, তা-ও পরিষ্কার নয়। কোম্পানির অস্তিত্ব নেই, অথচ শেয়ারের দাম বাড়ছে। এ ধরনের চিত্র অনেক পাওয়া যায়। এই শেয়ারবাজার তো আসলে তথ্যের বাজার। যার কাছে তথ্য আছে, সে বেশি লাভবান। আর এটাই স্বাভাবিক, এসব তথ্য তৈরি করে নানা ধরনের গুজব। এমনকি তথ্য কেনাবেচার ঘটনাও আছে।বইয়ে আছে পুঁজিবাজার হচ্ছে মূলধন সংগ্রহের বাজার। যাঁরা শিল্প কারখানা করছেন বা সেবা খাতে আছেন, তাঁরা ব্যাংক থেকে মেয়াদি ঋণ নেবেন। তবে ঋণের পুরো অংশের জন্য ব্যাংকের ওপর নির্ভর করবেন না। প্রতিষ্ঠান চালাতে বাকি অর্থ সংগ্রহ করবেন পুঁজিবাজার থেকে। কিন্তু বাংলাদেশে হচ্ছে এখন উল্টোটা। উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সরাসরি ঢালছেন শেয়ারবাজারে।তাহলে এই শেয়ারবাজার দিয়ে বাংলাদেশের কী লাভ? দেশে বিনিয়োগ স্থবির। স্থানীয় বিনিয়োগ তেমন হচ্ছে না। অথচ দেশের মধ্যে যে বিনিয়োগযোগ্য অনেক অর্থ আছে, এর প্রমাণ এই শেয়ারবাজার। শেয়ারবাজারের বাজার মূলধনের পরিমাণ মোট জিডিপির প্রায় অর্ধেক। এখন প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ দুই হাজার কোটি টাকার বেশি। কিন্তু এই অর্থ অর্থনীতিতে তেমন কাজে লাগছে না। অনেকেই ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন ঠিকই, কিন্তু বেশি লাভবান হচ্ছেন কারসাজিকারীরা। এদের সংখ্যা কিন্তু বাজারে অনেক।এই কারসাজিকারীদের মূল কাজ কী, জানেন? মূল কাজ হলো, আপনাকে বাজারে টেনে নিয়ে যাওয়া। আপনি যদি নতুন অর্থ নিয়ে না আসেন, তাহলে শেয়ারের দাম কীভাবে বাড়ানো হবে? সুতরাং আপনাকেই দরকার। আর আপনি তো জেনেই গেছেন, না বুঝেও এখানে বিনিয়োগ করা যায়।না বুঝে এই ঢুকলেন, কে আপনার স্বার্থ রক্ষা করবে? এখানেও তো নানা কারসাজি। যাঁরা রক্ষা করবে বলে মনে করছেন, তাঁরা নানা স্বার্থে বাজার নিয়ে খেলছেন। আর তাই তো, চেয়ারম্যানকে না জানিয়ে আদেশ দিয়ে দেন এসইসির একজন সদস্য। ডিএসইর নেতারা নানা কৌশলে শেয়ারের দাম বাড়ান। আবার বড় বড় কোম্পানির মালিকেরা সামনে সামনে কোন কোন কোম্পানির শেয়ার বাজারে ছেড়ে কত টাকা তুলবেন, তার হিসাব করতে থাকেন। সুতরাং বাজারের কারসাজি কিন্তু শেষ হয়নি। এখন আপনিই ভাবুন, এই বাজারে আবারও ঢুকবেন?কে না জানে, এত কথা বলার পরও আপনি এই বাজারে ঢুকবেন। তাহলে আরও কিছু কথা বলা যেতে পারে। প্রথম কথা হচ্ছে, এটা ঝুঁকির বাজার। সুতরাং ঝুঁকি নিতে জানলেই কেবল এই বাজারে থাকবেন। আরেকজনকে দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। কোম্পানি দেখে বিনিয়োগ করুন। একটি কোম্পানির আর্থিক বিবরণী কীভাবে বুঝতে হয়, সেটি শিখুন। কখন কিনতে হয় আর কখন বিক্রি করতে হয়, সেটি জানুন।সবশেষে কিছু উদাহরণ দিই। অধ্যাপক আবু আহমেদের বই থেকে উদাহরণ দিচ্ছি। ১. সবাই যখন শেয়ার কিনত তখন ওয়ারেন বাফেট ঠায় দাঁড়িয়ে থাকতেন। আর সবাই যখন শেয়ার কেনা বন্ধ করে দিত, তখন তিনি শেয়ার কিনতেন। আর এ কৌশল অবলম্বন করেই তিনি বিশ্বের অন্যতম ধনী হতে পেরেছেন। এখানে বলে রাখা ভালো, গত বুধবার যখন সোয়া এক ঘণ্টার মধ্যে সূচক প্রায় সাড়ে ৫০০ পয়েন্ট নামল, তখনো কিন্তু কিছু ‘স্মার্ট’ বিনিয়োগকারী শেয়ার কিনে লাভবান হয়েছেন। ২. অর্থকে অলস রাখাও লাভ। অর্থ দিয়ে কোনো আর্থিক সম্পদ কিনতে গিয়ে যদি মূলধনি ক্ষতির সম্মুখীন হতে হয়, তাহলে তরল অর্থ ধারণ করা যে লাভ, সেটা শিখিয়েছিলেন অর্থনীতিবিদ জন মেইনার্ড কিনস। ৩. বিনিয়োগকারীরা একদিকে দৌড়ায়। তবে যিনি সফল হতে চান, তিনি একপর্যায়ে দল ত্যাগ করে অন্যদিকে দৌড়ান। ৪. হামফ্রে কেনেডিতে যখন সু-পলিশের ছেলে না চিনে বলতে শুরু করল, স্যার, শেয়ার কেনা এখন অনেক লাভজনক, তখন কেনেডি বুঝলেন, এখনই শেয়ার বেচার সময়। আর ১৯২৯ সনে কেনেডি যখন তাঁর শেয়ারগুলো বেচে দিলেন, তার দুই সপ্তাহের মধ্যে মার্কিন শেয়ারবাজার এক-তৃতীয়াংশ মূল্য হারিয়েছিল। ৫. বিজ্ঞানী আইজ্যাক নিউটন সেকালে সাউথ সি কোম্পানির শেয়ার কিনে ২০ হাজার পাউন্ড হারিয়েছিলেন। তখন তিনি আফসোস করে বলেছিলেন, আমি গ্রহ-নক্ষত্রের গতিকে পরিমাপ করা শিখলাম, কিন্তু শেয়ারবাজারের গতিকে বুঝতে পারলাম না।