আতিউর রহমান আকুর চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সোনারগাঁও হোটেলে গতকাল অনুষ্ঠিত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পরিচালনা পর্ষদের ৪৪তম সভায় এই সংস্থার সদস্যদেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নররা
ঢাকার সোনারগাঁও হোটেলে গতকাল অনুষ্ঠিত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পরিচালনা পর্ষদের ৪৪তম সভায় এই সংস্থার সদস্যদেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নররা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আগামী এক বছরের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ঢাকার একটি হোটেলে গতকাল শনিবার আকুর ৪৪তম পর্ষদসভায় সর্বসম্মতভাবে তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্ষদ সভায় ভারত, পাকিস্তান, ইরান, নেপাল, ভুটান ও আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, আকুর মহাসচিব এবং মিয়ানমার ও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ভেলিউল্লাহ সাইফের কাছ থেকে গতকাল আকুর চেয়ারম্যানের দায়িত্ব নেন আতিউর রহমান।
এশিয়ার নয়টি দেশের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গড়ে ওঠা লেনদেনব্যবস্থার নাম আকু। এর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মালদ্বীপ।
আকুর সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির অর্থ পরিশোধ হয়ে থাকে আকুর মাধ্যমে। নয়টি দেশের মধ্যকার আমদানি-রপ্তানিতে কোনো দেনা-পাওনা থাকলে তা দুই মাস পর এসব দেশের কেন্দ্রীয় ব্যাংক মিটিয়ে থাকে।
আঞ্চলিক সহযোগিতা বাড়াতে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসকাপ) উদ্যোগে ১৯৭৪ সালে আকু গঠিত হয়।
আকুর মহাসচিব লিডা বোরহান আজাদ জানান, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে আকুর মাধ্যমে ৩৫৩ কোটি ৪৩ লাখ ডলার বেশি লেনদেন হয়েছে।
তবে আতিউর রহমান জানান, বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি কমলেও ২০১৪ সালে আকুর সদস্য দেশগুলো থেকে বাংলাদেশের আমদানি আগের বছরের তুলনায় ২০ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। আবার অন্যান্য দেশে বাড়লেও একই সময়ে আকুর সদস্য দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি কমেছে ১১ দশমিক ৩০ শতাংশ।