আতিকুল ইসলাম বিজিএমইএর নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত পরিষদের দলনেতা আতিকুল ইসলামের নেতৃত্বে তৈরি পোশাক মালিকদের সংগঠনের (বিজিএমইএ) নতুন কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছরের জন্য ইসলাম গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুল ইসলাম সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন। নতুন কমিটির চার সহসভাপতি নির্বাচিত হয়েছেন সম্মিলিত পরিষদের নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, এস এম মান্নান, শহিদুল্লাহ আজিম ও রিয়াজ-বিন-মাহমুদ। বিজিএমইএ ভবনে গতকাল বৃহস্পতিবার পরিচালকদের ভোটে নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন হয়। বিজিএমইএর এই দ্বিবার্ষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন। ১১ মার্চ ঢাকা ও চট্টগ্রামে একযোগে সমিতির পরিচালক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন সারা রাত ভোট গণনা শেষে পরদিন সকাল সাড়ে ছয়টায় ফল ঘোষণা করা হয়। নির্বাচনে বরাবরের মতো বিজিএমইএর কেন্দ্রীয় দুটি প্যানেল—সম্মিলিত পরিষদ ও ফোরামের ৫৪ জন প্রার্থী ২৭ পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ জয়লাভ করে। পরিষদ ২১ ও ফোরাম ছয়টি পরিচালক পদে নির্বাচিত হয়। আতিকুল ইসলাম সর্বোচ্চ এক হাজার ৭০০ ভোট পেয়ে এবং ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান এক হাজার ৩৭৭ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। বিজিএমইএর নতুন এই কমিটির সদস্যরা ২০১৩-১৪ মেয়াদের জন্য সমিতি পরিচালনা করবেন। আগামী সপ্তাহে বর্তমান সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন নতুন সভাপতির হাতে দায়িত্বভার বুঝিয়ে দেবেন বলে জানিয়েছেন সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভাপতি নির্বাচিত হওয়ার পর রাতে আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাপী পোশাক খাতের একটি চ্যালেঞ্জের মধ্যে আমরা দায়িত্ব নিতে যাচ্ছি। সবাইকে সঙ্গে নিয়ে যোগ্যতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করব বলে আমরা আশাবাদী।’