সাক্ষাৎকার: মাহিয়া জুনেদ
আত্মবিশ্বাস গড়ে দিলে নারীরাও আর্থিক খাতের নেতৃত্ব দেবে
ব্যাংকিংকে পেশা হিসেবে বেছে নিয়ে সফল হয়েছেন অনেক নারী। শীর্ষ পদে নারীর সংখ্যা এখনো পুরুষের তুলনায় কম হলেও আস্তে আস্তে শীর্ষ পদে উঠে আসছেন নারীরা। আবার বাড়ছে নারী গ্রাহকের সংখ্যাও। নারী দিবস সামনে রেখে ব্যাংক খাতে নারীর নানামুখী অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন বেসরকারি দ্য সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাহিয়া জুনেদ। সাক্ষাৎকার নিয়েছেন ফয়জুল্লাহ ওয়াসিফ।
প্রশ্ন :
প্রথম আলো: ব্যাংকিং পেশায় আপনার পথচলার শুরুটা কীভাবে?
মাহিয়া জুনেদ: আমার ভিত্তিটা গড়ে ওঠে মূলত ছোটবেলায়, আমার পরিবারে। পরিবারে আমি কোনো বৈষম্যের শিকার হইনি। দুই বোন, এক ভাইয়ের মধ্যে কখনো মনে হয়নি আমি কোথাও বঞ্চিত হচ্ছি। পরিবারের প্রথম সদস্য হিসেবে দেশের বাইরে পড়াশোনা করেছি। এতে করে দিনে দিনে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। তাই আমার মনে হয়, ছোট থেকেই নারীর আত্মবিশ্বাস তৈরি করে দেওয়াটা খুবই জরুরি। এরপর দেশে ফিরে চাকরি শুরু করি বিদেশি মালিকানাধীন সিটি এনএ ব্যাংকে। আট বছর সেখানে চাকরি করে পরে আবার ছয় বছর দেশের বাইরে ছিলাম। এরপর ২০০৭ সালে এসে দেশীয় মালিকানাধীন সিটি ব্যাংকে যোগ দিই। আমার কাজই আমাকে ব্যাংকের নীতিনির্ধারণী পর্যায়ে নিয়ে এসেছে।
প্রশ্ন :
প্রথম আলো: আমাদের দেশের ব্যাংকিং পেশা ও সেবা কতটুকু নারীবান্ধব?
মাহিয়া জুনেদ: কর্মীর জায়গা থেকে বিবেচনা করলে প্রতিষ্ঠানে বসে কাজ করতে হয় ব্যাংকের এমন পদ যথেষ্ট নারীবান্ধব। তবে কিছু ক্ষেত্রে, বিপণনের মতো কাজ, যেগুলো বাইরে গ্রাহকদের কাছে গিয়ে করতে হয়, সে ধরনের কাজ এখনো পুরোপুরি নিরাপদ হয়ে উঠেছে, তা বলা যাবে না। বিশেষ করে রাতে যাতায়াতের ক্ষেত্রে ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিবহন সুবিধা চালু করা এখন সময়ের দাবি। এটা নিয়ে ব্যাংকগুলোর পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ নিতে হবে। তবে গ্রাহক সেবার দিক থেকে ব্যাংক এখন যথেষ্ট নারীবান্ধব। ব্যাংকগুলোতে নারীদের জন্য বিশেষায়িত সেবার আলাদা ডেস্ক থাকে। অধিকাংশ ব্যাংকই নারীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিয়ে থাকে।
প্রশ্ন :
প্রথম আলো: ব্যাংকিং পেশায় নারীদের অংশগ্রহণ বাড়াতে বেসরকারি ব্যাংকগুলো কী ধরনের ভূমিকা রাখছে?
মাহিয়া জুনেদ: দেশে বেসরকারি ব্যাংকের প্রসার শুরুর পর এ খাতে নারীদের কাজের সুযোগ বেড়েছে। তবে এই পেশায় নারীদের জন্য আলাদা কোনো কোটা নেই। তাই নারীরা যাতে কোনোভাবে বৈষম্যের শিকার না হন, সে ব্যাপারে সবাই সতর্ক। আমাদের ব্যাংকে নতুন নিয়োগের ক্ষেত্রে আমরা খেয়াল রাখি যেন নারী-পুরুষের অনুপাত ৫০ শতাংশ করেই থাকে। এ ছাড়া একটা ব্যাংকে নারীকে কাজের সুযোগ করে দেওয়া মানেই তার অভিজ্ঞতা বেড়ে যাচ্ছে। পরে ওই নারীর জন্য অন্য কোনো চাকরিতে যাওয়ার সুযোগও তৈরি হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে নারীরা যে বৈষম্যের শিকার হচ্ছেন না, তা নয়। যেমন ধরুন বেতনবৈষম্য। এখনো একই কাজ করেও নারী কর্মী পুরুষ সহকর্মী থেকে কম বেতন পেয়ে থাকেন। এমন বৈষম্য দূর হওয়া জরুরি।
প্রশ্ন :
প্রথম আলো: অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে নারীদের সেবা গ্রহণের প্রবণতা এখন কেমন?
মাহিয়া জুনেদ: নারীরা ব্যাংকিংয়ে এখন আগের তুলনায় অনেক বেশি এগিয়ে এসেছেন। তবে এখনো তা ছোট ছোট কাজের মধ্যেই সীমাবদ্ধ। ব্যাংক থেকে টাকা উত্তোলন বা সঞ্চয়ের মতো ব্যাপারগুলোতেই তাঁরা বেশি আগ্রহী। ব্যবসার জন্য ঋণ গ্রহণ বা প্রচলিত ধারার ব্যাংকিংয়ের ক্ষেত্রে নারীরা এখনো পুরুষের ওপরই নির্ভরশীল। তবে এখন অনেক নারী গ্রাহক বড় ব্যবসায়িক কাজ ব্যাংকের মাধ্যমে করছেন। অনেকে ভালো উদ্যোক্তা হিসেবে পরিচিতি তৈরি করে নিয়েছেন। ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অনেকে আবার ব্যবসার পরিধি বাড়াতেও ঋণ নিচ্ছেন।
প্রশ্ন :
প্রথম আলো: নারীদের আরও বেশি ব্যাংকিং সেবার আওতায় আনতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন?
মাহিয়া জুনেদ: এ ক্ষেত্রে আমরা প্রযুক্তিকে ব্যবহার করতে পারি। মৌলিক ব্যাংকিং সেবাগুলো যদি অনলাইনে দেওয়া সম্ভব হয়, তাহলে নারী গ্রাহক অনেক বাড়বে। ঘরে বসেই পুরুষের পাশাপাশি নারীরা ব্যাংকিংয়ের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন। এ ছাড়া নারীদের জন্য আরও বিশেষায়িত কোনো সেবা চালু করা যায় কি না, সেটা নিয়েও ভাবতে হবে সবাইকে। আমাদের ব্যাংকে নারীদের জন্য ‘সিটি আলো’ নামে একটি সেবা রয়েছে। আবার নতুন করে আমরা দেশে ‘ডিজিটাল ন্যানো ঋণ’ চালু করেছি। আমরা দেখতে পাচ্ছি, নতুন চালু হওয়া এ ঋণের প্রতি নারীদের বেশ আগ্রহ রয়েছেন। তাই এ ধরনের নতুন নতুন পণ্য চালুর দিকে মনোযোগী হতে হবে।
প্রশ্ন :
প্রথম আলো: এবারের নারী দিবসে আপনার চাওয়া কী?
মাহিয়া জুনেদ: নারীরা নির্দিষ্ট কোনো কাজের জন্য উপযুক্ত—এমন ভাবনা থেকে যেন আমরা সবাই বেরিয়ে আসতে পারি, এটাই আমার প্রথম চাওয়া। আমি কোনোভাবেই চাই না, মেয়েদের জন্য কোটা ব্যবস্থা থাকুক। তবে কোটা না থাকলে তাঁদের জন্য কাজের সুযোগের ক্ষেত্রে সমতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নারীদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। সাম্প্রতিক সময়ে নারীরা দেশের শিক্ষা ক্ষেত্রে যেভাবে সাফল্য দেখাচ্ছেন, তাঁদের একটু আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আর্থিক খাতের মতো গুরুত্বপূর্ণ খাতের শীর্ষ পদেও নারীরা নেতৃত্ব দেবেন। আমরা সে লক্ষ্যে এগোতে চাই। এ জন্য দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা। শুধু নারীরা নারীদের এগিয়ে নিতে পারবে না। পুরুষেরও সহযোগিতা লাগবে।