আদমজী ইপিজেডে ৯৪ লাখ ডলারের নতুন বিনিয়োগ
বাংলাদেশ-কুয়েত যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান মেসার্স সৌদ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় তৈরি পোশাক কারখানা স্থাপন করবে।যৌথ মালিকানাধীন রপ্তানিমুখী এ প্রতিষ্ঠান স্থাপনের জন্য ৯৪ লাখ ১২ হাজার ডলার বিনিয়োগ করা হচ্ছে। প্রতিষ্ঠানটিতে পাঁচজন বিদেশি নাগরিকসহ দুই হাজার ৩৬ জন বাংলাদেশি লোকের কর্মসংস্থান হবে।সম্প্রতি এ ব্যাপারে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মেসার্স সৌদ গার্মেন্টসের মধ্যে একটি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (প্রকৌশল) জ্ঞানরঞ্জন শীল এবং সৌদ গার্মেন্টসের চেয়ারম্যান তারিক আল নকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারমান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান, সদস্য (অর্থ) এ কে এম মাহবুবুর রহমান, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) এ জেড এম আজিজুর রহমান, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. খোরশেদ আলম এবং বেপজার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।