আদার দাম দ্বিগুণ, অন্য মসলায় স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল আজহা উপলক্ষে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন মসলার চাহিদা বেড়ে গেছে। পেঁয়াজ, রসুনের মূল্য আয়ত্তের মধ্যে থাকলেও বেড়েছে আদার দাম। ছবিটি গত মঙ্গলবার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে তোলা l সৌরভ দাশ
ঈদুল আজহা উপলক্ষে পেঁয়াজ, রসুন, আদাসহ বিভিন্ন মসলার চাহিদা বেড়ে গেছে। পেঁয়াজ, রসুনের মূল্য আয়ত্তের মধ্যে থাকলেও বেড়েছে আদার দাম। ছবিটি গত মঙ্গলবার চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে তোলা l সৌরভ দাশ

ঈদুল আজহা এলে মসলার চাহিদা বেড়ে যায়। গত দুই মাসে দেশে প্রায় সব মসলার আমদানি বেড়েছে। দামও স্থিতিশীল আছে। তবে গত ১০ দিনে আদার দাম দ্বিগুণের বেশি বেড়েছে। রসুনের দামও বেশ বাড়তির দিকে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীদের দাবি, গত দুই মাসে দেশে তুলনামূলকভাবে আদা কম আমদানি হয়েছে। দেশি ও ভারতীয় আদার সরবরাহও কম। রসুনের দামও বেশ কিছুদিন ধরে বাড়ছে। এ দুটি পণ্যের দাম আন্তর্জাতিক বাজারেই বেড়েছে। আদা, রসুন বাদে গত দুই মাসে অন্যান্য মসলা পর্যাপ্ত আমদানি হয়েছে। সে কারণে জিরা, এলাচ, দারুচিনি, গোলমরিচের দাম পড়তির দিকে।
গতকাল বুধবার খাতুনগঞ্জে আদার পাইকারি মূল্য ছিল কেজিপ্রতি ১১০ টাকা, রসুন ১৬৫ টাকা। খুচরায় এই আদা বিক্রি হচ্ছে ১৩০-১৪০ টাকা কেজি, রসুন ১৮০-১৯০ টাকা। অথচ এক মাস আগেও পাইকারি বাজারে আদার দাম কেজিপ্রতি ৪০ টাকার নিচে ছিল, খুচরায় ছিল ৫০-৬০ টাকা। এক মাস আগে আমদানি করা রসুনের খুচরা দাম ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। পেঁয়াজের দাম স্থিতিশীল আছে। খুচরায় ২২ থেকে ২৫ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে।
গতকাল নগরের ষোলোশহর কর্ণফুলী কাঁচাবাজারে মসলা কিনতে আসেন সাইফুদ্দিন আহমেদ নামের এক ক্রেতা। আদার দাম শুনে চমকে ওঠেন তিনি। প্রথম আলোকে সাইফুদ্দিন বলেন, ‘১০ দিন আগেও বাজারে ৬০ টাকা করে আদা দেখে গেছি। এখন দাম চাইছে ১৪০ টাকা। কেন এত বাড়ল বুঝতে পারছি না।’
মসলা আমদানিকারক প্রতিষ্ঠান ফারুক ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার ফারুক আহমেদ বলেন, চাহিদার তুলনায় আদা বেশি আমদানি করে আমদানিকারকেরা গত অর্থবছরে লোকসান দিয়েছেন। সে কারণে অনেক আমদানিকারক এবার আদা আনেননি। ইন্দোনেশিয়া ও ভারতেও এবার আদার ফলন ভালো হয়নি। তাই চীন আদার দাম বাড়িয়ে দিয়েছে।
খাতুনগঞ্জের পাইকারি বিক্রেতা সোনালি ট্রেডার্সের স্বত্বাধিকারী আবসার উদ্দিন প্রথম আলোকে বলেন, অক্টোবর থেকে বাজারে দেশি আদা উঠবে। ওই সময় ভারতীয় আদাও বাজারে আসবে। তখন দামও কমবে। কিন্তু রসুনের বাজারে চীনের একচেটিয়া দখল থাকায় এটির দাম শিগগির কমবে বলে মনে হচ্ছে না।
বন্দর থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, গত জুলাই ও আগস্ট মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আদা আমদানির পরিমাণ খুব একটা কম নয়। এ দুই মাসে আমদানি হয়েছে ১৪ হাজার ৭২৫ টন, যা গত বছরের জুলাই ও আগস্টের তুলনায় দেড় হাজার টন বেশি। তবে গতবারের তুলনায় এবার দুই মাসে ১ হাজার ৪০০ টন রসুন কম আমদানি হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, গত দুই মাসে জিরা আমদানি হয়েছে ৪ হাজার ১১৩ টন, এলাচ ১ হাজার ০৮ টন, দারুচিনি ২ হাজার ৬৪৭ টন, জায়ফল ৩০ টন। জায়ফল ছাড়া আর সব মসলাই গত অর্থবছরের তুলনায় বেশি আমদানি হয়েছে।
গতকাল খাতুনগঞ্জে বেশির ভাগ গরম মসলার দাম ছিল পড়তির দিকে। দুই সপ্তাহ আগে পাইকারি বাজারে জিরার দাম ছিল কেজিপ্রতি ৩৩০ টাকা, গতকাল তা নেমে এসেছে ৩১০ টাকায়, ৪৭০ টাকার জায়ফল বিক্রি হয়েছে ৪৩০ টাকায়, দারুচিনি ২২৫ টাকা থেকে কমে ২১০ টাকায় বিক্রি হয়েছে, হলুদও প্রতি কেজিতে ১০ টাকা কমেছে। তবে এলাচের দাম অপরিবর্তিত আছে। প্রতি কেজি বিক্রি হয়েছে ৯০০ থেকে ৯২০ টাকায়। গোলমরিচের কেজি বিক্রি হয়েছে ৮৫০ টাকায়। তবে গরম মসলার পড়তি দামের প্রভাব এখনো খুচরা বাজারে পড়েনি।