আদালতের অনুমোদন পেল রবি-এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি-এয়ারটেল
রবি-এয়ারটেল

প্রায় এক বছরের আইনি প্রক্রিয়া শেষে মুঠোফোন অপারেটর রবি-এয়ারটেলের একীভূতকরণে (মার্জার) চূড়ান্ত অনুমোদন দিয়েছেন আদালত। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। একীভূত হওয়ার পর দুই অপারেটরের গ্রাহকেরা পরিচিত হবেন ‘রবি’ গ্রাহক হিসেবে।
ব্যবসায়িক কার্যক্রম একীভূত করতে গত বছরের সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে রবি-এয়ারটেল। অপারেটর দুটির একীভূত হওয়ার নথিতে গত ১ আগস্ট চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে একীভূতকরণের পুরো প্রক্রিয়াটি আদালতের মাধ্যমে সম্পন্ন হওয়ার বাধ্যবাধকতা থাকায় আদালতের নির্দেশের পরপরই এ ব্যাপারে সরকারি অনুমোদনটি কার্যকর হবে।
রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা ও একীভূতকরণের চুক্তিতে উল্লেখিত শর্তগুলো পূরণ করার পরই এ প্রক্রিয়া সম্পন্ন হবে। সেই হিসেবে ২০১৬ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এই একীভূতকরণ প্রক্রিয়া শেষ করার আশা করা হচ্ছে।

একীভূত হওয়ার ফি হিসেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ৬০৭ কোটি টাকা দিতে হবে রবিকে। এর মধ্যে তরঙ্গ ফি ৫০৭ কোটি টাকা ও একীভূতকরণ ফি ১০০ কোটি টাকা। এই অর্থ নেওয়ার বিষয়টি আদালত বিটিআরসির ওপর ছেড়ে দিয়েছেন।

বিটিআরসির পক্ষে গতকাল শুনানি করেন আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব ও সৈয়দ মাহছিব হোসেইন। রবি-এয়ারটেলের পক্ষে ছিলেন তানজিব-উল আলম। আর এয়ারটেলের কর্মীদের পক্ষে ছিলেন সাদ সামি আহমেদ।

বর্তমানে রবি ও এয়ারটেলে কর্মরত স্থায়ী কর্মীর সংখ্যা প্রায় দুই হাজার। একীভূত কোম্পানিতে এয়ারটেলের যেসব কর্মী যোগ দিতে ইচ্ছুক নন, তাঁদের স্বেচ্ছা অবসর স্কিম (ভিআরএস) ও স্বেচ্ছা বিচ্ছেদ কার্যক্রম (ভিএসএস) নিশ্চিত করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, একীভূত কোম্পানিতে যোগ দিতে অনিচ্ছুক কর্মীদের দুইভাবে ভিআরএস বা ভিএসএস দেওয়া যেতে পারে। এর মধ্যে প্রতি এক বছরের সেবার জন্য উচ্চপর্যায়ের কর্মীরা দুই মাসের গ্রস স্যালারি (মোট বেতন) বা তিন মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও অন্যান্য প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন। সহকারী ব্যবস্থাপক বা এর নিম্নপর্যায়ে কর্মরত কর্মীরা প্রতি এক বছরে তিন মাসের গ্রস স্যালারি বা চার মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ও সুযোগ-সুবিধা পাবেন।

রবি-এয়ারটেল কর্মীদের ভিআরএস সম্পর্কে সরকারের পর্যবেক্ষণে বলা হয়েছে, একীভূত হওয়ার ৬০ দিনের মধ্যেই ভিআরএস ও ভিএসএসের আওতায় পুরো অর্থ পরিশোধের তথ্য অবশ্যই বিটিআরসিকে জানাতে হবে। ভিআরএস ও ভিএসএস বাস্তবায়নে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী একীভূত কোম্পানিকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া অপারেটর দুটি একীভূত হওয়ার তিন বছরের মধ্যে কোনো কর্মীকে চাকরিচ্যুত করতে হলে তার কারণসহ বিস্তারিত তথ্যও বিটিআরসিকে জানাতে হবে।

বিটিআরসিতে জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী, একীভূত কোম্পানিতে রবির ৭৫ শতাংশ আর এয়ারটেলের ২৫ শতাংশ মালিকানা থাকবে।