আদালতের নির্দেশ মেনেই এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হতে বাধা নেই। আজ রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী এজিএমের কার্যক্রম পর্যবেক্ষণ ও নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক মাসুদ বিশ্বাসকে এ সভায় উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন আদালত।
গত বৃহস্পতিবার বিচারপতি এ এফ এম আবদুর রহমানের অবকাশকালীন একক হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। পরিচালক হিসেবে নাম বাদ পড়ার বিরুদ্ধে ও সভা পরিচালনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ ব্যক্তির অধীনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে নির্দেশনা চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেওয়া হয়।
আইনজীবী সূত্র বলেছে, ব্যাংক কর্তৃপক্ষ ৬ এপ্রিল এজিএমে অংশগ্রহণের জন্য পরিচালকদের চিঠি দেয়। তবে ব্যাংকের পরিচালক এস এম তমাল পারভেজ, রফিকুল ইসলাম আরজু ও মো. আদনান ইমাম এবং সাবেক পরিচালক তুষার ইকবালকে এজিএমে অংশগ্রহণের চিঠি দেওয়া হয়নি। পরিচালক রিপোর্ট থেকেও তিন পরিচালকের নাম বাদ দেওয়া হয়। তিন পরিচালকের পদ শূন্য হয়েছে বলে উল্লেখ করা হয়—এসব প্রশ্ন তুলে ওই নির্দেশনা চেয়ে চারজন ১০ এপ্রিল আবেদনটি করেন।
আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
আদেশের পর মেহেদী হাসান চৌধুরী বলেন, যেসব স্থানে তিন পরিচালকের নাম বাদ দেওয়া হয়েছে, তা পুনঃস্থাপন করতে নির্দেশ দিয়েছেন আদালত। তাঁদের বিষয়ে করা মন্তব্য মুছে ফেলতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এজিএমের অ্যাজেন্ডা অনুসারে নির্বাচনের বিষয় এলে তা গোপন ব্যালটের মাধ্যমে করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে এজিএম করতে ও নির্ধারিত অ্যাজেন্ডার বাইরে অন্য সিদ্ধান্ত না নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুরো এজিএমের কার্যবিবরণী ভিডিও ধারণ করতে ব্যাংকের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে অনুমোদন ছাড়াই তিন পরিচালককে বাদ ও নতুন পরিচালক হিসেবে সাব্বির আহমেদ মুবিনকে নিয়োগ দেওয়ার ঘটনায় ব্যাখ্যা চেয়ে ব্যাংকটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পরই পরিচালক অপসারণ কার্যকর হবে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পরই পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে।