সব আয়োজন সম্পন্ন করার পর শেষ মুহূর্তে এসে আদালতের নিষেধাজ্ঞার কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আলোচিত বিশেষ সাধারণ সভাটি (ইজিএম) অনুষ্ঠিত হয়নি।
এর ফলে ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নের পথে একটি ধাক্কা লাগল। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইজিএম অনুষ্ঠানের সব আয়োজন করা হয়েছিল।
এতে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) অনুমোদিত কর্মসূচি (স্কিম), সংশোধিত সংঘবিধি ও সংঘস্মারক এবং প্রথম পরিচালনা পর্ষদের তালিকা বিশেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণের কথা ছিল।
জানা গেছে, ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান কিছু অসংগতির বিষয়ে ২৮ অক্টোবর হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের আদালতের শরণাপন্ন হন। এর পরিপ্রেক্ষিতে আদালত ইজিএমের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং আবেদনের শুনানির দিন ধার্য করেন। উচ্চ আদালত সোমবার নিষেধাজ্ঞা আরোপ করলেও গতকাল দুপুরে ডিএসইর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) হাতে এই নিষেধাজ্ঞার চিঠি পৌঁছায়।
জানতে চাইলে আবেদনকারীর আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, ডিএসই যেভাবে আর্টিকেল অব মেমোরেন্ডামের পরিবর্তন এনেছে, তা সঠিক হয়নি। ডিমিউচুয়ালাইজেশন আইনের সঙ্গে অনুমোদিত স্কিমের কিছু বিষয়ে অসংগতিও রয়েছে। আবার দাবিদার না থাকা ডিএসইর চারটি সদস্যের সম্পদ অন্যদের কাছে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব বিষয়ে আইনি সুরক্ষার জন্য আদালতে পিটিশন দাখিল করেন আহমেদ ইকবাল হাসান। তবে পিটিশনের কোথাও ডিমিউচুয়ালাইজেশনের কোনো বিরোধিতা করা হয়নি, বরং আইনটিকে সঠিকভাবে পরিপালনে অসংগতিগুলো তুলে ধরা হয়েছে।
আহসানুল করিম আরও বলেন, আইনে স্বতন্ত্র পরিচালকদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের কথা বলা হলেও ডিএসই প্রথম পরিচালনা পর্ষদ গঠন করছে ২৫ সদস্যের। এটিও আইনের সঙ্গে অসংগতি।
অপরদিকে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনগতভাবে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে ডিএসইর পরিচালনা পর্ষদের কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে গতকাল ইজিএমস্থলে গিয়ে দেখা যায়, সময়মতো বেশির ভাগ সদস্যই সভায় যোগ দেন। তখনো অনেক সদস্যই নিষেধাজ্ঞার বিষয়টি জানতেন না। কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে ডিএসইর সভাপতি আহসানুল ইসলাম আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন। এর পরই ইজিএমস্থল থেকে বেরিয়ে আসেন স্টক এক্সচেঞ্জের সদস্যরা।