আদালতের বাইরে ব্যবসার বিরোধ নিষ্পত্তির আহ্বান
সালিসব্যবস্থার আধুনিক রূপ হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রথা। এই ব্যবস্থায় ঠিক সালিস হয় না, এতে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করা হয়। এতে উভয় পক্ষের সম্মতি থাকে, উভয়েই জয়ী হন। আদালতের বাইরে নিষ্পত্তির এই সুযোগ নিতে পারেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টারের (বিআইএসি) এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি ও বিআইএসির বোর্ড সভাপতি মাহবুবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেবিয়ান গেলিনাস। বক্তব্য দেন বিআইএসির প্রধান নির্বাহী কর্মকর্তা তৌফিক আলী, আইন কমিশনের চেয়ারম্যান শাহ আল, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার, সাংসদ ফজলুল আজিম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান, সাবেক প্রধান বিচারপতি তাফাজ্জল ইসলাম ও সৈয়দ জি আর মুদাচ্ছির হোসেন, বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রহমান, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, আইসিসিবির সহসভাপতি লতিফুর রহমান, সাবেক অর্থসচিব মতিউল ইসলাম প্রমুখ। আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, যেকোনো বিরোধ সালিসের মাধ্যমে সুরাহা করা এ দেশের একটি প্রাচীন পন্থা। আদালতের বিচারে এক পক্ষ হারে, আবার এক পক্ষ জয়ী হয়। আর সালিসব্যবস্থায় উভয় পক্ষ জয়ী হয়। আইনমন্ত্রীর মতে, বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাজের শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠিত করা সম্ভব। তিনি সিঙ্গাপুর ও হংকংয়ের বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থার অভিজ্ঞতা এ দেশে প্রয়োগের আহ্বান জানান। তিনি জানান, মধ্যস্থতার মাধ্যমে কোনো বিরোধ নিষ্পত্তি করা হলে আর আদালতে আসতে হবে না। শফিক আহমেদ আরও বলেন, শুল্ক, মূসক ও আয়কর খাতে বিপুল পরিমাণ অর্থ মামলার কারণে বকেয়া পড়ে আছে। এখন মামলা-মোকদ্দমায় যাওয়ার আগে মধ্যস্থতায় বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হচ্ছে। আবার আদালতে মামলা থাকলেও কেউ চাইলে এ বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ নিতে পারেন।আলোচনায় অংশ নিয়ে শাহ আলম বলেন, দেশে এখনো দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিস্তৃত আইন নেই। বিনিয়োগ আকর্ষণে এ-সংক্রান্ত আইন প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। ফেবিয়ান গেলিনাস তাঁর মূল প্রবন্ধে বলেন, যেকোনো দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ শতাংশ অবদান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের। আর যুক্তরাষ্ট্র ও চীনে ৫৫ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ৭০ শতাংশই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান। গেলিনাস বলেন, ব্যবসায় ও বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিকল্প নেই। এতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থা তৈরি হয়। মাহবুবুর রহমান বলেন, এ দেশের আদালতে ইতিমধ্যে মামলাভারে ন্যুব্জ। আদালতে ২০ লাখের বেশি মামলা এখনো ঝুলে রয়েছে। এর মধ্যে সাত হাজারের বেশি দেওয়ানি মামলা রয়েছে। এসব মামলার অনেকগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রথায় সমাধান করা সম্ভব। মাহবুবুর রহমান আরও জানান, আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদন খাত মূল ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোক্তাদের বিকাশে প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া প্রয়োজন। তাই অন্যতম প্রধান সহায়তা হিসেবে দ্রুত ও ব্যয়সাশ্রয়ী বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির সুযোগ দেওয়া দরকার। এ জন্য বিআইএসি প্রতিষ্ঠা করেছে আইসিসিবি। অনুষ্ঠানে জানানো হয়, ২০১১ সালের ৯ এপ্রিল ব্যবসাসংক্রান্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য বিআইএসির কার্যক্রম চালু হয়। বিরোধ নিষ্পত্তিতে বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রয়োজন দ্রুত ও প্রচারবিমুখ পদ্ধতি। আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সময়ক্ষেপণ হয়ে থাকে, এতে মামলার বিষয়বস্তু গোপন রাখা সম্ভব হয় না। এসব অসুবিধার কারণে বিকল্প বিরোধ নিষ্পত্তি-পদ্ধতি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আর্বিট্রেশন অ্যাক্ট-২০০১ বাংলাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি অনুসরণ সহজতর করেছে।