বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে রাজনৈতিক অস্থিরতা নেই কিন্তু অনিশ্চয়তা আছে। রাজনৈতিক অনিশ্চয়তায় বর্তমান পরিবেশে বাজেট বাস্তবায়ন কঠিন। আদেশ আর নির্দেশ দিয়ে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়।
সালেহউদ্দিন আরও বলেন, দেশের সুষম উন্নয়নের জন্য কর বাড়াতে হবে। বিশেষ করে প্রত্যক্ষ করের ওপর জোর দিতে হবে।
কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) ড. আখতার হামিদ খান মিলনায়তনে এক প্রাক-বাজেট আলোচনায় গতকাল শনিবার সালেহউদ্দিন এসব কথা বলেন। কুমিল্লার বেসরকারি ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ওই আলোচনা সভা হয়।
ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হাফিজ জি এ সিদ্দিকী ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. লিয়াকত আলী খান।
সালেহউদ্দিন আহমেদ বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অনেক স্থানীয় প্রকল্প ঢুকে গেছে। আবার অনেক কাজ অসমাপ্ত আছে৷ দেখা যাচ্ছে কোথাও সেতু আছে, রাস্তা নেই। আবার কোথাও দুই দিকে রাস্তা আছে, সেতু নেই। তাই এসব কাজে সমন্বয় করতে হবে৷
হাফিজ জি এ সিদ্দিকী বলেন, ‘বাজেটে শিক্ষার আগে স্বাস্থ্য খাতে গুরুত্ব দিতে হবে। উচ্চশিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে।
হাফিজ জি এ সিদ্দিকী আরও বলেন, গুটি কয়েক লোক কয়েক হাজার কোটি টাকার মালিক হবে, অন্যরা পিছিয়ে পড়বে, এটা আমরা চাই না। মানবসম্পদ উন্নয়ন করতে হলে অগ্রাধিকার প্রকল্প নিতে হবে।’