কার্যদিবসের মাঝামাঝি লেনদেন চলাকালীন হঠাৎ করেই তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিনিয়োগকারীরা।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ গতকাল রোববার ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান কেয়া কসমেটিকস এবং কেয়া ডিটারজেন্টের লেনদেন স্থগিত করে।ডিএসই সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কোম্পানি দুটির শেয়ারের দাম বেশ খানিকটা বেড়েছে। এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে কি না, তা জানাতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় কোম্পানি দুটিকে। কিন্তু কোম্পানি দুটি ডিএসইর অনুসন্ধানের জবাব দিতে দেরি করে। এ কারণে গতকাল বেলা সোয়া একটায় কোম্পানি দুটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়।একই সঙ্গে তাদের জানিয়ে দেওয়া হয়, অনুসন্ধানের জবাব না দেওয়া পর্যন্ত শেয়ার লেনদেন বন্ধ রাখা হবে। কার্যদিবসের মধ্যে কোম্পানি দুটির কাছ থেকে কোনো জবাব না পাওয়ায় বাকি সময় আর লেনদেন হয়নি। তবে বেলা একটা ৩০ মিনিটে লেনদেন শেষ হওয়ার কিছু পর কোম্পানি দুটি ডিএসইর অনুসন্ধানের জবাব দেয়। এতে বলা হয়, শেয়ারের মূল্য বাড়ার মতো কোনো অপ্রকাশিত তথ্য তাদের জানা নেই। এ জবাব পাওয়ায় আজ নির্ধারিত সময় থেকেই কোম্পানি দুটির শেয়ার লেনদেন আবার চালু হবে।কিন্তু কেয়া কসমেটিকস ও কেয়া ডিটারজেন্টের লেনদেন স্থগিতের বিষয়টি সাধারণ বিনিয়োগকারীরা খুব স্বাভাবিকভাবে নেননি। তাঁরা বলছেন, সাম্প্রতিক সময়ে অনেক দুর্বল কোম্পানির শেয়ারও অস্বাভাবিকভাবে বেড়েছে। কিন্তু ডিএসই কর্তৃপক্ষ সে ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। অথচ এ দুটি কোম্পানির শেয়ার সামান্য একটু বাড়াতেই তারা খড়্গহস্ত হয়ে উঠেছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকা অস্বাভাবিক নয়। ডিএসইর পরিসংখ্যান থেকে জানা গেছে, টানা ছয় দিন দাম কমার পর দুই দিন ধরে কেয়া কসমেটিকসের শেয়ারের দাম কিছুটা বেড়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার শেয়ারটির দাম বেড়েছিল তিন টাকার মতো। গতকাল প্রায় ১১ শতাংশ। প্রায় একই ঘটনা ঘটে কেয়া ডিটারজেন্টের ক্ষেত্রে।জানা গেছে, এভাবে মূল্য বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতেই দুই কোম্পানিকে চিঠি দেয় ডিএসই। আর এর জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয় মাত্র আধা ঘণ্টা। এ সময়ের মধ্যে জবাব না পাওয়ায় কোম্পানি দুটির লেনদেন স্থগিত করে ডিএসই। মূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধান করা নিয়ে বিনিয়োগকারীদের কোনো দ্বিমত না থাকলেও সময় বেঁধে দেওয়া নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা আধা ঘণ্টার মধ্যে জবাব দিতে না পারার অজুহাতে লেনদেন বন্ধ করাকে সমর্থন করছেন না। বলছেন, এভাবে লেনদেন চলাকালীন হঠাৎ লেনদেন বন্ধ করলে ক্ষতি হয় বিনিয়োগকারীদের।