আধুনিক উপায়ে তথ্য সংগ্রহে বিবিএসের নতুন প্রকল্প
জনসংখ্যা ও জনমিতি-সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ কার্যক্রম আরও শক্তিশালী করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (ভৌগোলিক তথ্য-ব্যবস্থা বা জিআইএস) ব্যবহার করে কম সময়ে আরও নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের জন্য পাঁচ বছর মেয়াদি প্রকল্প নিয়েছে বিবিএস। প্রকল্পের নাম ভৌগোলিক তথ্য-ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে বিবিএসের জনসংখ্যা ও জনমিতির তথ্য সংগ্রহের সক্ষমতা বৃদ্ধি (স্ট্রেংদেনিং দ্য ক্যাপাসিটি অব বিবিএস ইন পপুলেশন অ্যান্ড ডেমোগ্রাফিক ডেটা কালেকশন ইউজিং জিআইএস)। ১৬ কোটি টাকার এই প্রকল্প ২০১৭ সালের জুন মাসে শেষ হবে। প্রকল্পে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ১১ কোটি টাকা সাহায্য দেবে।রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে গতকাল বৃহস্পতিবার প্রকল্পটি নিয়ে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার প্রধান অতিথি ও পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান বিশেষ অতিথি ছিলেন।পরিকল্পনামন্ত্রী বলেন, অর্থনৈতিক খাতে সফলতা অর্জনে সব নাগরিকের অবদান রাখার প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে। ২০২১ সালের মধ্যে প্রকৃত অর্থেই একটি মধ্য আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। একই সঙ্গে এ সময়ের মধ্যে দেশ মানব উন্নয়ন সূচকেও (এইচডিআই) কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাবে।কর্মশালায় জানানো হয়, জিআইএস প্রকল্পের অধীনে ডিজিটাল ম্যাপ (স্বয়ংক্রিয় মানচিত্র) তৈরির পাশাপাশি হালনাগাদ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমের (মূল নমুনা নিবন্ধন পদ্ধতি বা এসভিআরএস) তথ্য এবং নারীর প্রতি সহিংসতা-সম্পর্কিত ধারাবাহিক তথ্যভান্ডার তৈরি করা হবে।অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য-ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য সামছুল আলম, পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।