আধুনিক মডেলে চট্টগ্রাম বন্দর পরিচালনার উদ্যোগ থেমে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ল্যান্ডলর্ড’ নামে নতুন এক মডেলে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার উদ্যোগ নেওয়া হলেও শেষ মুহূর্তে জটিলতার কারণে তা আর হচ্ছে না। বন্দর কর্তৃপক্ষ এখন পুরোনো ব্যবস্থায় টার্মিনাল পরিচালনার পথে হাঁটছে। এতে সুফল পাওয়া নিয়ে সংশয় রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট অনেকেই। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চার বছর আগে ‘ল্যান্ডলর্ড’ মডেলে বন্দর পরিচালনার সুপারিশ করেছিল এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ ব্যবস্থায় বন্দরের ভূমি ও জেটি অর্থাৎ মূল অবকাঠামোর মালিকানা বন্দরের হাতে, আর যন্ত্রপাতিসহ উপরিকাঠামোর মালিকানা ও পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে থাকার কথা। বন্দর সূত্র জানায়, ল্যান্ডলর্ড মডেলে বন্দরের সবচেয়ে বড় নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে যন্ত্রপাতি স্থাপন করে পরিচালনার জন্য দরপত্রও আহ্বান করা হয়। কিন্তু এর পরই দরপত্রের শর্ত সংশোধন নিয়ে অভিযোগ ও আদালতে মামলার কারণে বেসরকারি অপারেটর নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত হয়ে গেছে। একইভাবে নদীভিত্তিক পানগাঁও কনটেইনার টার্মিনালেও অপারেটর নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে এলেও দরপত্রের অসংগতি নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এই অবস্থায় বন্দর কর্তৃপক্ষ দুটি টার্মিনালের জন্য যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে কর্তৃপক্ষ পানগাঁও টার্মিনালটি আগামী মার্চে উদ্বোধন করতে চায়। তবে পরবর্তী সময়ে নিজেরা কিংবা দরপত্রের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ করে পরিচালনার উদ্যোগও আছে বলে জানায় বন্দরের একটি সূত্র।চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘টার্মিনাল দুটিতে বেসরকারি অপারেটরের বিনিয়োগ ও পরিচালনা নিয়ে এখন আদালতে মামলা চলছে। এ কারণে টার্মিনাল দুটি দ্রুত চালু করতে নিজেরাই যন্ত্রপাতি কেনার প্রস্তুতি আছে। এরপর নিজেরা কিংবা বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ করে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আদালতের নির্দেশনা পাওয়ার পর।’বন্দরের পরিচালন কর্মকাণ্ডে নিয়োজিত কর্মকর্তাদের মতে, এখন পুরোনো মডেলে ফিরে গেলে নতুন সমস্যায় পড়ার শঙ্কা আছে। কারণ, সরকারিভাবে বিপুল পরিমাণ যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া খুবই জটিল। বন্দরের হিসাব অনুযায়ী, নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার যন্ত্রপাতি কিনতে ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা প্রায় এক হাজার ১০০ কোটি টাকা এবং পানগাঁও টার্মিনালের জন্য ২০০ কোটি টাকা লাগবে। এ ছাড়া, বন্দরে কনটেইনার পরিবহনের হার যেভাবে বাড়ছে তাতে পুরোনো ব্যবস্থায় বাড়তি কনটেইনার পরিবহন নিয়ে সংশ্লিষ্ট অনেকেরই সংশয় আছে। বন্দর পরিচালনা পর্ষদের সাবেক সদস্য (পরিকল্পনা) হাদী হোসেন মনে করেন, বন্দর এখন যেভাবে যন্ত্রপাতি কিনে টার্মিনাল পরিচালনার উদ্যোগ নিচ্ছে, সেটি আশির দশকের দিকে ফিরে যাওয়া ছাড়া আর কিছু নয়। এতে দক্ষতা বাড়ার সুযোগ কম। তিনি জানান, দু-তিন দশক আগে থেকেই বিশ্বজুড়ে ল্যান্ডলর্ড মডেলে বন্দর পরিচালনা জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বব্যাংকের ‘পোর্ট রিফর্ম টুলকিট’ শীর্ষক প্রতিবেদনেও বন্দর ব্যবস্থাপনায় চারটি মডেলের কথা বলা আছে: সরকারি ব্যবস্থাপনা বা সার্ভিস পোর্ট, জেটি ও যন্ত্রপাতি বন্দরের হাতে রেখে পরিচালনার ভার বেসরকারি হাতে দেওয়া বা টুল পোর্ট, ‘ল্যান্ডলর্ড পোর্ট’ এবং ‘বেসরকারি বন্দর’ মডেল।বন্দরকেন্দ্রিক নানা গবেষণায়ও বলা হয়, বিশ্বের সেরা ১০০টি কনটেইনার পরিবহনকারী বন্দরের মধ্যে ৮৮টিই বর্তমানে পরিচালিত হয় ল্যান্ডলর্ড ব্যবস্থায়। প্রতিবেশী ভারতও এই মডেলের দিকে ঝুঁকছে। বন্দরটির অনেক কর্মকর্তা ও ব্যবহারকারীরা মনে করেন, যেহেতু সমুদ্রপথে দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশই এ বন্দর দিয়ে সংঘটিত হয়, সে জন্য বন্দরের টার্মিনাল ল্যান্ডলর্ড ব্যবস্থায় পরিচালনা করা উচিত।