আধুনিক রূপরেখা প্রণয়ন করতে যাচ্ছে এমসিসিআই
ব্যবসা-বাণিজ্যে ভবিষ্যৎ চাহিদা পূরণে একটি আধুনিক রূপরেখা তৈরি করার উদ্যোগ নিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। এ জন্য সমীক্ষা ও ব্যবসায়ীদের মতামত সংগ্রহ করা শুরু হচ্ছে। পাশাপাশি প্রাথমিকভাবে ছয়টি লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় এক হোটেলে এমসিসিআই আয়োজিত এক অনুষ্ঠানে এই রূপরেখা সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রাথমিকভাবে আধুনিক ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সমন্বয় করতে আগামী দুই বছরের মধ্যে প্রাথমিকভাবে নির্ধারিত ছয়টি লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করা হবে। এগুলো হলো: বাংলাদেশের ব্যবসা-সম্পর্কিত বিশ্লেষণ ও গবেষণা দিয়ে দেশের অন্যতম নেতৃস্থানীয় ব্যবসায়ী সংগঠনে পরিণত হওয়া, গুণগত মানসম্পন্ন সদস্য আকৃষ্ট করা, পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুধাবন করা, স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহায়তায় দক্ষতা বৃদ্ধি, অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, সমাজ ও ব্যবসাক্ষেত্র উপকৃত হয়েছে এমন চর্চাকারীদের সম্মাননা দেওয়া।অনুষ্ঠানে এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী বলেন, এই চেম্বারের উদ্দেশ্য পুনর্বিন্যাস করা হচ্ছে মূলত আরও বেশি সদস্য অন্তর্ভুক্ত করা, সেবার মান বৃদ্ধি এবং সর্বোপরি দেশের স্বার্থ রক্ষা করার জন্য। গত ফেব্রুয়ারি মাস থেকে এমসিসিআই নতুন রূপরেখা প্রণয়নের কাজ করেছে বলে তিনি জানান। অনুষ্ঠানে এমসিসিআইয়ের সাবেক সভাপতি লতিফুর রহমান তাঁর বক্তব্যে বলেন, এখন বস্ত্র, তৈরি পোশাক ও ব্যাংকিং খাতের শক্তিশালী সংগঠন রয়েছে। এসব সংগঠনের সদস্যদের এই চেম্বারে যোগ দেওয়া উচিত। তাদের স্বীকৃতি এখানেও থাকা উচিত। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ। তিনি বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর নয়—এটাই দায়িত্বশীল ব্যবসার আচরণ হওয়া উচিত। ফজলে হাসান আবেদ আরও বলেন, ‘দায়িত্বশীল ব্যবসায় কোনো ‘শেষ কথা’ বা বটম লাইন থাকা উচিত নয়। এর মানে হলো মুনাফাই প্রধান লক্ষ্য নয়। তিনি বলেন, ‘দায়িত্বশীল ব্যবসা মানে নৈতিক ব্যবসা।’ তিনি আরও জানান, ইদানীং সামাজিক ব্যবসার ধারণা সারা বিশ্বে বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে বেশ প্রচার পাচ্ছে। কিন্তু প্রায় ৩২ বছর আগেই ব্র্যাক এ ধরনের সামাজিক ব্যবসা চালু করেছে। ফজলে হাসান আবেদ বলেন, প্রথমে আড়ং সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। তারপর ব্র্যাকের ক্ষুদ্রঋণ কার্যক্রম। তৃতীয়ত, ব্র্যাক বীজ উৎপাদন কার্যক্রমের মাধ্যমে সামাজিক ব্যবসা শুরু করে। ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত ব্যক্তিদের জন্য ১৯৯৮ সালে ব্র্যাক ব্যাংক নামে আরেকটি প্রতিষ্ঠান চালু করে। এই বছর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক ২০০ কোটি ডলার ঋণ বিতরণের লক্ষ্য রয়েছে।অনুষ্ঠানে লতিফুর রহমান বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পাওয়ার জন্য এমসিসিআইয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়।