আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন মেজর জেনারেল মিজানুর রহমান খান।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত রোববার মিজানুর রহমান খানকে এই ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। এতে বলা হয়েছে, ‘মিজানুর রহমান খান যত দিন আনসার ও ভিডিপির মহাপরিচালক থাকবেন, তত দিন তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান থাকবেন।’ তিনি মেজর জেনারেল নাজিমউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।
এদিকে অপর এক প্রজ্ঞাপনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল মঙ্গলবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মহাব্যবস্থাপক আবুল কাশেমকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দিয়েছে।
এ ছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেনকে অগ্রণী ব্যাংকের ডিএমডি পদে নিয়োগ দিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।