বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
বিকেবির নতুন এমডি হয়েছেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি এম এ ইউসুফ। আর আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি হয়েছেন রাষ্ট্রমালিকানাধীন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ শামস্ উল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল বুধবার এই নিয়োগ দিয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানায়, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা এমডি এম এ ইউসুফকে মূলত বিকেবিতে বদলি করা হয়েছে। আগের ব্যাংকে থাকা সরকারের সঙ্গে তাঁর চুক্তির যাবতীয় শর্ত অপরিবর্তিত থাকবে। আর মোহাম্মদ শামস্ উল ইসলামকে পদোন্নতি দিয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি করা হয়েছে। বিকেবি এক বিজ্ঞপ্তিতে জানায়, এম এ ইউসুফ ১৯৭৯ সালে বিকেবি দিয়েই ব্যাংকিং পেশায় যোগ দেন। মাঝখানে তিনি অগ্রণী, বিএসআরএস ও কর্মসংস্থান ব্যাংকের এমডিও ছিলেন। জানা গেছে, গতকালই দায়িত্বভার বুঝে নিয়েছেন বিকেবির নতুন এমডি। আগের দিন মঙ্গলবার এই ব্যাংকের এমডি আবদুস সালাম জনতা ব্যাংকের এমডি পদে যোগ দেন।