আনিস আহমেদ দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল নিযুক্ত
বিশিষ্ট ব্যবসায়ী ও এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল নিযুক্ত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী এ নিয়োগ দিয়েছে। তাঁর এ নিয়োগ সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অনুমোদন করেছেন। ১৯৯০ সালে শিপিং কোম্পানি অ্যাকুয়ামেরিন লিমিটেড এবং মার্কস বাংলাদেশ লিমিটেডে শেয়ারহোল্ডার এবং পরিচালক হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে আনিস আহমেদের কর্মজীবনের শুরু। ১৯৯২ সালে তিনি এমজিএইচ গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে নিজের ব্যবসা শুরু করেন। ডিস্ট্রিবিউশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং, শিপিং এজেন্সি, এয়ারলাইনসের জিএসএ, প্রাইভেট আইসিডি, রেস্টুরেন্ট, মিডিয়াসহ নানা ব্যবসা করছে এমজিএইচ গ্রুপ। তা ছাড়া, দেশের ব্যাংকিং খাতে, চা-শিল্পে এবং সিরামিক শিল্পে এ গ্রুপের সন্তোষজনক পরিমাণ পোর্ট ফোলিও বিনিয়োগ রয়েছে। বিজ্ঞপ্তি।