আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজার আলোচিত আরেকটি সপ্তাহ পার করল। ঈদুল আজহার পর মৃতপ্রায় বাজারে প্রাণ ফিরিয়ে আনতে উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার বাজার-পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে চার ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। বাজার স্থিতিশীল করতে করণীয় সব পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর ওই বৈঠক এবং আশ্বাসকে ঘিরে থেমেছে বাজারের ধারাবাহিক দরপতন। বেড়েছে লেনদেন ও শেয়ারের সাধারণ মূল্যসূচক। এসব ঘটনায় সপ্তাহটি ছিল শেয়ারবাজারের জন্য বেশ আলোচিত। প্রধানমন্ত্রীর উদ্যোগে বাজারে সাময়িক প্রাণ ফিরলেও সাধারণ বিনিয়োগকারীরা এখন আনুষ্ঠানিক ঘোষণার দিকে তাকিয়ে আছেন। আজ রোববার যদি কোনো ঘোষণা নাও আসে, এই সপ্তাহেই ঘোষণা আসবে বলে জানা গেছে।ঈদুল আজহার নয় দিন বন্ধ শেষে গত রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। ওই দিনই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ১৬৭ পয়েন্ট পড়ে যায়। সোমবার লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে চলে আসে। ওই দিন সূচক কমে ১৬৪ পয়েন্ট। মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন বাজারে বড় দরপতন ঘটে। এই অবস্থায় একদিকে সাধারণ বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন, অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হয় বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। অবশেষে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রথমবারের মতো শেয়ারবাজার-সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠকে বসেন। প্রধানমন্ত্রীর ওই বৈঠকের খবরে বুধবার থেকে দরপতন থেমেছে। সপ্তাহের প্রথম তিন দিনের দরপতনের বিপরীতে শেষ দুই দিন দরবৃদ্ধি ঘটে। শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু প্রস্তাব জমা দিয়েছে এসইসি। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পক্ষ থেকেও কিছু প্রস্তাব দেওয়া হয়। এসব প্রস্তাবে বাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়। এসব প্রস্তাব নিয়ে গত শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে আবারও বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এসইসি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শীর্ষ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শেষে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়। এদিকে গত সপ্তাহের দরপতন আর দরবৃদ্ধির যোগ-বিয়োগ শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ বাড়লেও সূচক আগের সপ্তাহের চেয়ে কমেছে। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক আগের সপ্তাহের চেয়ে ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় পাঁচ হাজার ১৬৭ পয়েন্টে। সপ্তাহ শেষে ঢাকার বাজারে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ১০ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে মোট এক হাজার ৪৮৩ কোটি টাকারও বেশি লেনদেন হয়। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় এক হাজার ৩৫২ কোটি টাকা। সপ্তাহজুড়ে ঢাকার বাজারে ২৭১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৭২টিরই দাম কমেছে, বেড়েছে ৮৫টির আর অপরিবর্তিত ছিল তিনটির দাম। আগের সপ্তাহে লেনদেন হওয়া ২৭১ কোম্পানির মধ্যে ২১৯টিরই দাম কমেছিল, বেড়েছিল ৪২টির দাম। গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে শেয়ারের মূল্য আয়ের অনুপাতের (পিই রেশিও) ভারিত্ব গড় কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৮-এ।