আনুষ্ঠানিকভাবে চালু হলো রবির ৩.৫জি নেটওয়ার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রামে একযোগে ৩.৫জি নেটওয়ার্ক চালু করল বেসরকারি মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গতকাল শনিবার সকালে এই নেটওয়ার্ক চালু করা হয়। মুঠোফোন অপারেটরদের মধ্যে রবিই প্রথম একসঙ্গে দেশের প্রধান দুটি শহরে এই নেটওয়ার্ক চালু করল।
রাজধানীর গুলশানে রবির প্রধান কার্যালয়ে ৩.৫জি নেটওয়ার্কের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। এ ছাড়া উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আবুবকর সিদ্দিক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, রবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনার প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের শেষে মোট গ্রাহকের ৪০ শতাংশ এবং ইন্টারনেট ব্যবহারকারীদের ৬০ শতাংশ ৩.৫জি সেবার নেটওয়ার্কে আসতে পারবে। আর ২০১৪ সালের প্রথম প্রান্তিকের মধ্যে রবির ৬০ শতাংশ গ্রাহক এই নেটওয়ার্কের মধ্যে আসবে।
আগামী অক্টোবর মাস থেকে রবির গ্রাহকেরা বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা পাবেন। তবে গ্রাহকেরা চাইলে এখনই থ্রিজি সেবা উপভোগ করা যায় এমন মুঠোফোন ও ট্যাবলেট নিয়ে গুলশান ও চট্টগ্রামের ওয়াক ইন সেন্টারে রবির ৩.৫জি সেবা ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।
অনুষ্ঠানে জানানো হয়, কয়েক সপ্তাহজুড়ে ধাপে ধাপে কয়েকটি জেলায় ৩.৫জি প্রযুক্তি চালু এবং গ্রাহকদের সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা দেবে রবি। রবি ইতিমধ্যে বিটিআরসির কাছ থেকে ৩.৫জি ট্যারিফ অনুমোদন পাওয়ার জন্য অপেক্ষা করছে।