আনুষ্ঠানিকভাবে ভারতীয় সনদ পেল বিএসটিআই
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটকে (বিএসটিআই) আনুষ্ঠানিকভাবে অ্যাক্রিডিটেশন সনদ দিয়েছে ভারতের ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর সার্টিফিকেশন বডিস (এনএবিসিবি)। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম এই সনদ পেল।বিএসটিআই মনে করছে, এই সনদ পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার সুযোগ সম্প্রসারিত হবে।রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের কার্যালয়ে গতকাল মঙ্গলবার বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদের হাতে অ্যাক্রিডিটেশন সনদ তুলে দেন এনএবিসিবির প্রধান নির্বাহী বি ভেঙ্কাটারামান।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ। বিএসটিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মহাপরিচালক আরও জানান, বিএসটিআইয়ের রসায়ন, খাদ্য, মাইক্রোবায়োলজি, সিমেন্ট এবং টেক্সটাইল টেস্টিং পরীক্ষাগুলো গত বছরের ১৮ মার্চ ভারতের ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং ল্যাবরেটরিজের (এনএবিএল) অ্যাক্রিডিটেশন অর্জন করে। তা ছাড়া বিএসটিআইয়ের ব্যবস্থাপনা পদ্ধতি নরওয়ের নরওয়েজিয়ান অ্যাক্রিডিটেশন বডির অ্যাক্রিডিটেশন সনদও লাভ করেছে।বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা-নিরীক্ষার নানা ধাপ পেরিয়ে প্রাথমিকভাবে বিএসটিআইকে পাঁচটি খাদ্যপণ্যের ক্ষেত্রে তিন বছরের জন্য অর্থাৎ এ বছরের ৯ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৮ জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য এই সনদ দেওয়া হয়। পর্যায়ক্রমে বিএসটিআই সত্যায়িত সব পণ্যই এনএবিসিবির স্বীকৃতি পাবে।