আনোয়ারায় ইউসিবির প্রবাসী মেলা
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী শাখায় এক প্রবাসী মেলা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সাংসদ সাইফুজ্জামান চৌধুরী গত শুক্রবার মেলাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা রফিকুর রহমান ও শাখা ব্যবস্থাপক অজিত কুমার বৈদ্য। এতে অন্যদের মধ্যে চাতরী ইউপির চেয়ারম্যান ইয়াছিন হিরু ও আনোয়ারা সদরের চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বলা হয়, প্রবাসীদের পাঠানো অর্থ পেতে তাঁদের স্বজনেরা নানা সমস্যায় পড়েন। তাই নিরাপদ ও সহজে প্রবাসী-আয় (রেমিট্যান্স) গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ইউসিবি প্রস্তুত।
ইউসিবির স্থানীয় গ্রাহকেরা পরিবার-পরিজন নিয়ে মেলায় হাজির হন। এতে পুতুলনাচ, মেহেদি লাগানো, স্বাস্থ্যপরীক্ষা ও উপহার সামগ্রী বিতরণের ব্যবস্থা রাখা হয়।