আনোয়ারায় চলছে শুঁটকি শুকানোর উৎসব

চট্টগ্রামের আনোয়ারা উপকূলের দেড় কিলোমিটার এলাকাজুড়ে চলছে শুঁটকি শুকানোর কাজ। এতে ব্যস্ত সময় পার করছেন উপকূলের জেলেরা।
বঙ্গোপসাগরের তীরে আনোয়ারা উপকূলের দুটি গ্রাম এখনো বিধ্বস্ত। মুছে যায়নি ছয় মাস আগে আঘাত হানা রোয়ানুর তাণ্ডবলীলার ক্ষত। এমনকি বঙ্গোপসাগরের ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধ ভাসিয়ে বাড়িঘরও বিলীন হয়ে পড়ে। মৃত্যুর প্রহর গোনা উপকূলের এসব বাসিন্দা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছেন। চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। এখন তাঁরা মাছ শিকার করে, শুকিয়ে এবং বিক্রি করে বাঁচার স্বপ্ন দেখছেন। ডিসেম্বরে মাছ শুকানোর কাজ শুরু হয়েছে আর তা চলবে আগামী এপ্রিল-মে পর্যন্ত। এ কাজে ব্যস্ত সময় পার করছেন এলাকার ৫০০ পরিবারের লোকজন।
মঙ্গলবার উপকূল ঘুরে দেখা গেছে, রায়পুরের উঠানমাঝির ঘাট থেকে বারআউলিয়া পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে চলছে শুঁটকি শুকানোর কাজ। এতে পুরুষের পাশাপাশি নারী ও শিশুশ্রমিকেরা কাজ করছে।
জেলে ও ব্যবসায়ীরা জানান, দেড় কিলোমিটার সমুদ্রসৈকতে ২০ জনের বেশি ব্যবসায়ীর তত্ত্বাবধানে ৩০০ শ্রমিক কাজ করছেন। তবে সমুদ্র থেকে মাছ ধরা ও শুঁটকি শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন পাঁচ শতাধিক পরিবারের লোকজন।
গহিরা এলাকার জেলে মোহাম্মদ সেলিম (৩৬) বলেন, ‘সমুদ্র থেকে মাছ ধরে মাঝারি আকারের নৌকায় করে উপকূলে নিয়ে আসি। তার মধ্যে কেউনগা ইছা (চিংড়ি), লটিয়া, কাটামাছ, হুনদারাসহ বিভিন্ন জাতের মাছ একসঙ্গে বিক্রি করি। প্রতি কেজি দেড় শ থেকে দুই শ টাকা আর ছয় থেকে সাত শ টাকা দামে প্রতি ঝুড়ি মাছ বিক্রি করি। এসব মাছ শুকিয়ে ব্যবসায়ীরা তিন থেকে চার শ টাকা লাভ করেন।’
একই এলাকার শ্রমিক মো. মিজান (২৭) বলেন, ‘এলাকায় আর কোনো কাজ নেই। তাই সংসারের খরচ চালাতে দৈনিক দেড় শ টাকা মজুরিতে এখানে কাজ করছি। সমুদ্র থেকে আনা মাছ শুকানোসহ অন্যান্য কাজে এলাকার বহু মানুষ জড়িয়ে পড়ায় এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে এলাকায় সচ্ছলতা এসেছে।’
স্থানীয় ব্যবসায়ী মো. শহীদ (৩৪) অভিযোগ করে বলেন, এখানে মাছ শুকাতে গেলে স্থানীয় কয়েকজন চাঁদা দাবি করছে।
আনোয়ারা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ প্রথম আলোকে বলেন, উপজেলার রায়পুরের শুঁটকির ব্যবসায় স্থানীয় লোকজন অভাব ঘোচাচ্ছেন। জেলে ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।