শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে আরেক নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার কমিশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য এর আগে কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক গঠিত কমিটি কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।পেশ করা তদন্ত প্রতিবেদনে কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল কবির ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের স্বপক্ষে যথেষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপিত হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে গুরু দণ্ড আরোপের আশঙ্কা আছে। তাই সভায় সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯৫-এর প্রবিধান ৪৬(১) এবং সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য বিধি ও আদেশ অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আনোয়ারুল কবির ভূঁইয়াকে কমিশনের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়, যা অবিলম্বে কার্যকর হবে। এ ছাড়া তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের চাকরি প্রবিধানমালা, ১৯৯৫ এর প্রবিধান ৪৪ মোতাবেক অভিযোগনামা প্রণয়নের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়। এ ব্যাপারে প্রশাসন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড কর্তৃক আনোয়ারুল কবির ভূঁইয়ার স্ত্রীকে সীমা অতিক্রম করে মার্জিনঋণ প্রদানের বিষয়ে এসআরআই বিভাগ তদন্ত করে এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।উল্লিখিত তদন্ত প্রতিবেদনে বর্ণিত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী আরেক নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামানের বিরুদ্ধে পুঁজিবাজার কিংবা কমিশন প্রভাবিত হতে পারে—এমন অনৈতিক অনাচারে জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ দ্বারা নিশ্চিত না হওয়ায় তাঁকে সংশ্লিষ্ট অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ব্যাপারে কমিশনের প্রশাসন বিভাগ ব্যবস্থা নেবে বলে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়।পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের পরিপ্রেক্ষিতে কৃষিব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদনে এসইসির এই দুই নির্বাহী পরিচালকের বিরুদ্ধে অধিকতর তদন্তের সুপারিশ করা হয়। অধিকতর তদন্ত শেষে আজ কমিশনে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।