আনোয়ারুল কবীরের স্ত্রীর বিও অ্যাকাউন্ট পুনতদন্তের সিদ্ধান্ত
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়ার স্ত্রী রোকসানা আক্তারের বিও অ্যাকাউন্ট পুনতদন্তের সিদ্ধান্ত নিয়েছে এসইসি। গতকাল এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। দুই সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটির সদস্যরা হলেন, এসইসির পরিচালক শেখ মাহবুব-উর- রহমান এবং উপ পরিচালক ওবায়দুল ইসলাম। বিষয়টি তদন্তপূর্বক আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন এসইসিতে জমা দিতে বলা হয়েছে। ওই আদেশে বলা হয়, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড আনোয়ারুল কবীর ভুঁইয়ার স্ত্রী রোকসানা ইসলামকে নির্ধারিত সীমার অতিরিক্ত মার্জিন ঋণ প্রদান করায়, বিষয়টি খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।উল্লেখ্য, গত ১ মার্চ শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূঁইয়াকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একই দিন এনবিএল সিকিউরিটিজ লিমিটেড কর্তৃক আনোয়ারুল কবীর ভূঁইয়ার স্ত্রীকে সীমা অতিক্রম করে মার্জিনঋণ প্রদানের বিষয়ে এসআরআই বিভাগ তদন্ত করে এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও ঘোষণা দেওয়া হয়।