ভারতকে ট্রানজিট দেওয়ার সাময়িক বিকল্প হিসেবে অন্ট্রাপো বা আন্তবন্দর ও পুনঃ রপ্তানি ব্যবস্থার সুযোগ কার্যকর করা যায় বলে মনে করে দেশের ব্যবসায়ীদের একাংশ।তাঁদের মতে, এই ব্যবস্থায় ভারত থেকে পণ্য আমদানি করে তা আবারও ভারতেই রপ্তানি করা যেতে পারে। এতে আমদানিকৃত পণ্যের ওপর মূল্য সংযোজিত হবে, আর বাংলাদেশে সেবা খাতের বিকাশ ঘটবে।বাংলাদেশের কিছু ব্যবসায়ী এমন ধরনের বিকল্প ব্যবস্থা কার্যকর করার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন। তাঁরা বলছেন, বিদ্যমান রপ্তানিনীতিতেই অন্ট্রাপো ও পুনঃরপ্তানির সুযোগ রয়েছে। তাই ট্রানজিটের মতো একটি স্পর্শকাতর সুবিধা চালুর আগে এই বিকল্প ব্যবস্থাটি চালু করা যেতে পারে।বাংলাদেশি ব্যবসায়ীদের দাবি, ভারতের মূল অংশ থেকে উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোতে এই সুবিধায় পণ্য রপ্তানি করা যাবে। এতে ভারতীয় ব্যবসায়ীদের যেমন অর্থ ও সময় সাশ্রয় হবে, আবার বাংলাদেশের ওপর দিয়ে এই পণ্য রপ্তানি হলে কর্মসংস্থানের পাশাপাশি সেবা খাত আরও বিস্তৃত হবে।২০০১ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) পক্ষ থেকে প্রথমবারের মতো অন্ট্রাপো ও পুনঃ রপ্তানির সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় অন্ট্রাপোর অনুমতি দেয়।তখন এই সুবিধার আওতায় ত্রিপুরার আগরতলা থেকে একটি আনারসের চালান কলকাতা যায়। সময় বেঁধে দেওয়া হয় চার দিন। কিন্তু তীব্র সমালোচনার মুখে বিএনপি সরকার এই সুযোগটি রহিত করে দেয়।এরপর আবারও ব্যবসায়ীদের পক্ষ থেকে একই দাবি জানানো হয়। পরে ২০০৬-০৯ সময়কালের রপ্তানিনীতিতে প্রথমবারের মতো অন্ট্রাপো ও পুনঃ রপ্তানির সুযোগ রাখা হয়। পরে চলতি ২০০৯-১২ সময়ে রপ্তানিনীতিতে একই সুবিধা বহাল রাখে বাণিজ্য মন্ত্রণালয়।অন্ট্রাপো ও পুনঃ রপ্তানি কীএকটি দেশের কোনো একটি বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য আরেকটি বন্দর দিয়ে রপ্তানি করাকে সাধারণভাবে অন্ট্রাপো বা আন্তবন্দর রপ্তানি বোঝায়।বাংলাদেশের রপ্তানিনীতি অনুসারে অন্ট্রাপো বাণিজ্য বলতে কমপক্ষে ৫ শতাংশ অধিক মূল্যে (আমদানিমূল্য অপেক্ষা) আমদানিকৃত পণ্য রপ্তানি করাকে বোঝাবে। এ ক্ষেত্রে পণ্যের গুণগত মান, পরিমাণ, আকৃতিতে কোনো প্রকার পরিবর্তনের প্রয়োজন হবে না।অন্ট্রাপোর আওতায় পণ্য বন্দর সীমানার বাইরে আসবে না। তবে বিশেষ অনুমোদনক্রমে পণ্য বন্দর সীমানার বাইরে আনা যেতে পারে। অন্ট্রাপোর আওতায় আমদানিমূল্য বলতে বাংলাদেশের বন্দরে আমদানিকৃত পণ্যের ঘোষিত সিঅ্যান্ডএফ মূল্যকে বোঝাবে।পুনঃ রপ্তানি অর্থ স্থানীয়ভাবে পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে পণ্যের গুণগত মান বা আকৃতির যেকোনো একটির অথবা উভয়ের পরিবর্তনপূর্বক আমদানিকৃত পণ্যের মূল্যের সঙ্গে ন্যূনতম ১০ শতাংশ মূল্য সংযোজনপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে পণ্য রপ্তানি করাকে বোঝায়। এ ক্ষেত্রে আমদানিমূল্য বলতে পুনঃ রপ্তানির জন্য বাংলাদেশের বন্দরে আমদানিকৃত পণ্যের সিঅ্যান্ডএফ মূল্যকে বোঝায়।তবে পুনঃ রপ্তানির ক্ষেত্রে পণ্যের শুল্ক শিরোনাম (ট্যারিফ হেডিং) পরিবর্তন হতে হবে। অর্থাৎ আমদানির সময় যে শিরোনামে পণ্য আনা হয়েছিল, রপ্তানির সময় তা অন্য শিরোনামে অর্থাৎ ভিন্ন বা নতুন পণ্য হিসেবে রপ্তানি হতে হবে।হাল অবস্থাঅবশ্য বাংলাদেশ ট্যারিফ কমিশনের একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে জানান, অতীতে রপ্তানিনীতির এই সুবিধাটি কখনো কার্যকর হয়নি। এখন এটা চালু করলে কিছুটা লাভবান হওয়ার সুযোগ আছে। তবে যেহেতু বাংলাদেশ বৃহত্তর আঙ্গিকে ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট দিতে চায়, তাই অন্তর্বর্তীকালীন সময়ে এ ধরনের ব্যবস্থা চালু হলে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে।বর্তমান সরকার নীতিগতভাবে ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট দিতে সম্মত রয়েছে। ইতিমধ্যে ট্রানজিট-সংক্রান্ত মূল দল একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এই দলের (কোর কমিটি) প্রধান বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।গত ৩০ অক্টোবর ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত এক সেমিনারে সার্ক চেম্বারের বর্তমান সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ট্রানজিটের পরিবর্তে অন্ট্রাপো ও পুনঃ রপ্তানি চালুর বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যমান আমদানি ও রপ্তানিনীতিতে অন্ট্রাপো ও পুনঃ রপ্তানির সুযোগ রয়েছে। এই সুযোগটি কার্যকর করা হলে বাংলাদেশ সেবা খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।ঢাকা চেম্বারের সাবেক সহসভাপতি সৈয়দ তৌফিক আলী প্রথম আলোকে বলেন, ‘অন্ট্রাপো ও পুনঃ রপ্তানির মাধ্যমে বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হবে। এখন নৌ-প্রটোকলের আওতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফ্লাই অ্যাশ নেওয়া হচ্ছে। অথচ পুনঃ রপ্তানির মাধ্যমে আমরা এই ফ্লাই অ্যাশ থেকে সিমেন্ট ব্যাগজাত করে আবারও ভারতে পাঠাতে পারি। আবার গম এনে আটা করে ভারতে পাঠাতে পারি।’তৌফিক আলী ব্যাখ্যা করে বলেন, ‘পণ্যের মৌলিক কাঁচামাল যাচ্ছে। আমরা সরাসরি যাওয়ার পরিবর্তে তাতে মূল্য সংযোজন করে তৈরি পণ্য পাঠাতে চাই। এটা ট্রানজিট বা ট্রানশিপমেন্টের চেয়ে বেশি লাভজনক। এতে এ দেশের উদ্যোক্তারা বেশি উপকৃত হবেন।’তবে এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় বা সরকারের কাছে অন্ট্রাপো ও পুনঃ রপ্তানি সুবিধা কার্যকর করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন এসব ব্যবসায়ীর পক্ষ থেকে জানানো হয়নি।