আন্তব্যাংক মুদ্রাবাজারে লেনদেন স্থিতিশীল
দেশের আন্তব্যাংক মুদ্রাবাজার বা কলমানি মার্কেটে স্থিতিশীলতা বজায় রয়েছে। এই বাজারে সুদের হার গত এক সপ্তাহে বা সাত কার্যদিবসে সর্বনিম্ন ৬ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করেছে।বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, গতকাল বুধবার কলমানির সুদের সর্বোচ্চ হার ছিল ১০ শতাংশ। আর সর্বনিম্ন সুদের হার ছিল ৭ শতাংশ। গতকাল আন্তব্যাংক মুদ্রাবাজারে ছয় হাজার ৬১২ কোটি টাকার লেনদেন হয়েছে। তার আগের দিন অর্থাৎ গত মঙ্গলবার লেনদেন হয়েছিল সাত হাজার ২৯৩ কোটি টাকা।কেন্দ্রীয় ব্যাংকের গত সাত কার্যদিবসের হিসাব থেকে দেখা যায়, ৪ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার বাদ দিয়ে) শুধু গত মঙ্গলবারই লেনদেন সাত হাজার কোটি টাকার ওপরে ছিল। বাকি ছয় দিনই লেনদেন ছয় হাজার ৩০০ থেকে ছয় হাজার ৯০০ টাকার মধ্যে ঘোরাফেরা করেছে।এতে আরও দেখা যায়, গত সাত কার্যদিবসে আন্তব্যাংক মুদ্রাবাজারে ব্যাংকগুলো ৪৬ হাজার ৬৩৫ কোটি টাকা লেনদেন করেছে। অর্থাৎ এই পরিমাণ অর্থ কিছু ব্যাংক অপর কিছু ব্যাংকের কাছ থেকে ঋণ হিসেবে গ্রহণ করেছে।