আন্তমন্ত্রণালয় সভায় সব স্থলবন্দর কার্যকর করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে দেশের সব স্থলবন্দরকে আরও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি ও লোকবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।নৌপরিবহন মন্ত্রণালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। এতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড অব বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা গেছে, সিলেটের তামাবিল স্থলবন্দরে ওজনযন্ত্র দ্রুত স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সারা দেশের সব স্থলবন্দর এলাকায় চোরাচালান বন্ধে বিজিবিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।এ ছাড়া আরও তিনটি শুল্ক স্টেশনকে স্থলবন্দরে পরিণত করতে চায় নৌপরিবহন মন্ত্রণালয়। প্রস্তাবিত স্থলবন্দরগুলো হচ্ছে: মুজিবনগর (মেহেরপুর), প্রাগপুর (কুষ্টিয়া) ও জীবননগর (চুয়াডাঙ্গা)। এসব স্থলবন্দরের ভারতীয় অংশে যাতে একইভাবে স্থলবন্দর বা শুল্ক স্টেশন স্থাপন করা হয়, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই ভারতের কাছে এ ব্যাপারে অনুরোধ জানিয়ে চিঠি পাঠাবে বলে জানা গেছে।