আন্তর্জাতিক উদ্যোগে সমন্বয়েরঅভাব
রানা প্লাজা ধসের পর বাংলাদেশের শ্রমমানের উন্নয়নে আন্তর্জাতিকভাবে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মধ্যে ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের প্রক্রিয়ায় সরকার যুক্ত নেই। ফলে এসবের বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ‘সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট’ নামে পরিচিত উদ্যোগের প্রায় এক মাস পরও বাস্তবায়নেও নেই দৃশ্যমান অগ্রগতি।
পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মধ্যস্থতায় সরকার একটি ত্রিপক্ষীয় যৌথ ঘোষণা দেয়। শ্রম ইতিহাসের ভয়াবহ দুর্ঘটনার ১০ দিনের মাথায় পরিস্থিতির উন্নয়নে বিশ্বাসযোগ্য মূল্যায়নে নেওয়া হয়েছিল এ উদ্যোগ। ত্রিপক্ষীয় ঘোষণা অনুযায়ী, এ বছরের মধ্যে রপ্তানিমুখী সবগুলো তৈরি পোশাক কারখানার অগ্নিকাণ্ড ও কাঠামোগত নিরাপত্তা পরিদর্শন শেষে করণীয় পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া কারখানা পরিদর্শন-প্রক্রিয়া ত্বরান্বিত করতে কারখানা পরিদর্শকের দপ্তরে আগামী ছয় মাসে অতিরিক্ত ২০০ পরিদর্শক নিয়োগের কথা রয়েছে।
শ্রমসচিব মিকাইল শিপার গত বুধবার দুপুরে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, কারখানা পরিদর্শন ও নতুন পরিদর্শক নিয়োগের কাজটি ত্রিপক্ষীয় ঘোষণার সময়সূচি অনুযায়ী শেষ হবে না। তবে কাজগুলো যাতে যথাযথভাবে এ সময়ের মধ্যে শুরু করা যায়, সেদিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশের শ্রমমানের উন্নয়নের লক্ষ্যে সরকার পোশাক কারখানার অগ্নিনিরাপত্তা ও কাঠামোগত মানদণ্ড নিশ্চিতের ওপর জোর দিচ্ছে। গত ২৫ জুলাই সরকার, মালিক ও শ্রমিকপক্ষ ন্যাশনাল ট্রাইপাট্রেট অ্যাকশন প্ল্যান অন ফায়ার, বিল্ডিং অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি (এনএপি) নামের সমন্বিত এ কর্মপরিকল্পনায় সই করেছে। পোশাক কারখানার পরিবেশের মানোন্নয়নে তিন ধাপে—আইনগত, প্রশাসনিক ও বাস্তবায়নের কর্মপন্থার ভিত্তিতে এ কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। এ কর্মপরিকল্পনায় পরিস্থিতি পর্যালোচনার সময়সীমা এ বছরের ডিসেম্বরে এবং চূড়ান্ত মূল্যায়ন হবে ২০১৪ সালের ডিসেম্বরে।
ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগ কমপ্যাক্ট সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ বুধবার বিকেলে প্রথম আলোকে বলেন, ইইউর এ উদ্যোগে এখন পর্যন্ত আর্থিক কোনো সহায়তার অঙ্গীকার করা হয়নি। তবে শ্রমমানের উন্নয়নে জেনেভায় গৃহীত অঙ্গীকার কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়ে প্রস্তুতি চলছে।
এদিকে ব্র্যান্ড ও ক্রেতাদের নেওয়া বড় উদ্যোগের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে। ইউরোপের ৭৭টি ব্র্যান্ড ও খুচরা বিক্রেতার এ উদ্যোগে বাংলাদেশের শ্রমমানের উন্নয়নের অংশ হিসেবে কারখানার নিরাপত্তা খতিয়ে দেখার কথা বলা হচ্ছে। এমনকি তাদের পক্ষ থেকে কাজ তদারকি করতে বাংলাদেশে ও নেদারল্যান্ডসে দুটি আলাদা দপ্তর খোলার কথা বলা হয়েছে। অথচ তাদের এ প্রক্রিয়ায় এখন পর্যন্ত সরকারকে যুক্ত করা হয়নি।
বর্তমানে ঢাকা সফররত অ্যাকর্ডের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর শ্রমসচিব বুধবার এই প্রতিবেদককে বলেন, তাঁরা কীভাবে কাজ করতে চান, সে সম্পর্কে সরকার একটি লিখিত পরিকল্পনা চেয়েছে। এর পাশাপাশি শ্রমমানের উন্নয়নে সরকার বিভিন্ন প্রক্রিয়ায় যুক্ত হয়ে যেসব বিষয়কে গুরুত্ব দিয়েছে, সে সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছে।
শুরু হয়নি কারখানা পরিদর্শন: গত ৪ মে ঢাকায় ত্রিপক্ষীয় ঘোষণায় দেশের সবগুলো রপ্তানিমুখী পোশাক কারখানা পরিদর্শনের কাজ ২০১৩ সালের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরিদর্শনের এ কাজটি এখনো শুরু হয়নি। এ পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) কাজটি তদারক করার দায়িত্ব দেওয়া হয়েছে। বুয়েটের তত্ত্বাবধানে দেশের আরও পাঁচটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ৩০টি দল দুই ধাপে পরিদর্শনের কাজটি করবে। প্রথম দফায় একবার সব কারখানা পরিদর্শন করে সাধারণ মতামত দেওয়া হবে। এরপর দ্বিতীয় ও শেষ ধাপে প্রতিটি ভবন পরিদর্শন শেষে কোন ক্ষেত্রে কী করণীয়, তা সুপারিশ করা হবে।
পরিদর্শনকাজে ব্যবহারের জন্য ইতিমধ্যেই যন্ত্রপাতি সরবরাহের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা ২০ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। পরিদর্শনকাজে যেসব যন্ত্রপাতি প্রয়োজন, তার একটি তালিকা ইতিমধ্যেই আইএলওকে দেওয়া হয়েছে। শিগগিরই ওই সব যন্ত্রপাতি সংগ্রহের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হবে। এমন অবস্থায় নির্ধারিত সময়সীমার (২০১৩ সাল) মধ্যে রপ্তানিমুখী সব পোশাক কারখানার পরিদর্শনকাজ শেষ হবে না বলে দায়িত্বশীল এক কর্মকর্তা মন্তব্য করেছেন।
সমন্বয়ে গুরুত্ব বিজিএমইএর: বিজিএমইএর একটি সূত্র জানিয়েছে, অ্যাকর্ডের যেসব চ্যালেঞ্জ রয়েছে, তার অন্যতম হচ্ছে তাদের প্রক্রিয়ার সঙ্গে সরকার ও বিজিএমইএর কোনো অংশগ্রহণ নেই।
তবে বিজিএমইএ মনে করে যে, এ পর্যন্ত নেওয়া উদ্যোগগুলোতে সমন্বয়ের জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটিতে সরকার ও বিজিএমইএর অন্তর্ভুক্তি। সমন্বিত উদ্যোগের লক্ষ্যে এনএপি, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মধ্যে আলোচনা শুরু করা উচিত। এ ছাড়া পরিদর্শক নিয়োগে আমলাতান্ত্রিকতা বন্ধের কথাও বলেছে বিজিএমইএ।