অনেক বিরোধিতার পরও আজ বুধবার থেকে সাতটি আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে দেশের আন্তর্জাতিক কল ব্যবসা।
বিশেষ সুবিধা পেয়ে এই সাত প্রতিষ্ঠান এখন আন্তর্জাতিক কল ব্যবসা পরিচালনা করবে। ফলে বাকি ১৬টি আইজিডব্লিউ প্রতিষ্ঠান অসম প্রতিযোগিতায় পড়বে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানগুলো বলছে, নতুন নিয়মে তারা এখন থেকে যা আয় করবে, বিশেষ সুবিধা পাওয়া ওই সাত প্রতিষ্ঠান আয় করবে তার প্রায় দ্বিগুণ।
বিশেষ সুবিধা পাওয়া এ সাত আইজিডব্লিউ প্রতিষ্ঠান হলো ইউনিক ইনফোওয়ে, ডিজিকন টেলিকমিউনিকেশনস, রুটস কমিউনিকেশনস, গ্লোবাল ভয়েস, মীর টেলিকম, বাংলা ট্র্যাক ও নভো টেলিকম। এই সাত প্রতিষ্ঠানের সব কটির মালিকই রাজনৈতিকভাবে প্রভাবশালী।
আন্তর্জাতিক কল নিয়ন্ত্রণের জন্য এই প্রতিষ্ঠানগুলো নিজেরাই গুলশানের একটি ভবনে একটি কমন ইন্টারন্যাশনাল পয়েন্ট (সিআইপি) তৈরি করেছে। এই সাত প্রতিষ্ঠান আইজিডব্লিউ অপারেটর ফোরাম (আইওএফ) নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেছে।
সিআইপি হলো এমন একটি ব্যবস্থা, যেখানে বিদেশ থেকে কল আসে। এরপর তা আইজিডব্লিউ অপারেটরের মাধ্যমে আইসিএক্স অপারেটরের কাছে যায়। সবশেষে মোবাইল অপারেটর বা আইএনএসের মাধ্যমে কলটি গ্রাহকের কাছে যায়। এর মাধ্যমেই দেশি গ্রাহকেরা বিদেশ থেকে আসা কলে কথা বলতে পারে।
এত দিন প্রতিটি আইজিডব্লিউ অপারেটরের কাছেই বিদেশ থেকে কল আসত। কিন্তু বিটিআরসির নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো আইজিডব্লিউ অপারেটর আগের মতো সরাসরি আইটিসির সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তারা সরাসরি কোনো অপারেটরের সঙ্গেও কল আদান-প্রদান করতে পারবে না। এ কাজটি করতে হবে ওই সাত আইজিডব্লিউ অপারেটর সুইচের (আইওএস) মাধ্যমে।
নতুন মডেলে ২৩টি আইজিডব্লিউ অপারেটরকে টিয়ার-১ ও টিয়ার-২ নামের দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। টিয়ার-১ আছে ১৬টি কোম্পানি আর টিয়ার-২-তে আছে প্রভাবশালী ওই সাত কোম্পানি। বিটিআরসির নির্দেশনায় টিয়ার-১ ও টিয়ার-২-এর আয়ের হার ধরা হয়েছে ১ অনুপাত ১ দশমিক ৯০। অর্থাৎ কল আনার জন্য ১৬ আইজিডব্লিউ অপারেটর (টিয়ার-১) যদি এক টাকা পায়, তাহলে শুধু মাঝখানে থেকে কল আইসিএক্সে পাঠানোর কাজটি করেই ওই সাত অপারেটর (টিয়ার-২) পাবে ১ টাকা ৯০ পয়সা। এই সাত কোম্পানির সাহায্য ছাড়া ওই ১৬ কোম্পানি আন্তর্জাতিক কল গ্রাহকের কাছে পৌঁছাতে পারবে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, বিদেশ থেকে বাংলাদেশে প্রতিদিন গড়ে ১১ কোটি মিনিট কল আসে। নিয়ম অনুযায়ী, প্রতি এক মিনিট কল থেকে যে আয় হয়, তার ৪০ শতাংশ বিটিআরসি, ১৭ দশমিক ৫ শতাংশ আইসিএক্স, ২২ দশমিক ৫ শতাংশ মোবাইল অপারেটর আর বাকি ২০ শতাংশ আইজিডব্লিউ কোম্পানিগুলো পেয়ে থাকে।
বিটিআরসির এই নতুন নির্দেশনা আজ থেকে কার্যকর করতে দেশের সব আইজিডব্লিউ অপারেটর, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) ও এক্সেস নেটওয়ার্ক সার্ভিস (এএনএস) অর্থাৎ মোবাইল অপারেটরকে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশে বর্তমানে ২৯টি আইজিডব্লিউ অপারেটর থাকলেও এখন আন্তর্জাতিক কল আদান-প্রদানের কাজটি করছে ২৩টি। বকেয়া পরিশোধ করতে না পারায় বাকি ছয়টির কার্যক্রম স্থগিত আছে।
টিয়ার-২-এর বাইরে থাকা ১৬ আইজিডব্লিউ অপারেটরের কয়েকটির কর্মকর্তাদের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁদের অভিযোগ, ইন্টারন্যাশনাল লং ডিসটেনস টেলিকমিউনিকেশন সার্ভিস পলিসি (আইএলডিটিএস) না মেনে অনেকটা গায়ের জোরে নতুন এ পদ্ধতি চালু করা হলো। এর মাধ্যমে দেশের প্রতিযোগিতা আইন লঙ্ঘনও করা হয়েছে। এ কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক কল ব্যবসার ক্ষেত্রে পাকিস্তানে এই মডেল চালু করা হয়েছিল। তবে দেশটির প্রতিযোগিতা কমিশন এ পদ্ধতি বাতিল করে দিয়েছে। দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এমন পদ্ধতি চালু নেই।
নতুন এই নির্দেশনার বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোসকে একটি চিঠি দিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। অ্যামটবের চিঠিতে আইজিডব্লিউ অপারেটরদের কাছে মোবাইল অপারেটরদের পাওনার আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা চাওয়া হয়েছে। এ জন্য ব্যাংক গ্যারান্টি অথবা অগ্রিম চেকের মাধ্যমে পাওনা পরিশোধে লিখিত চুক্তির মতো ব্যবস্থা রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
ওই চিঠিতে কোনো আইজিডব্লিউ বকেয়া পরিশোধ না করলে তাদের ৯৯ শতাংশ কল ব্লক করার অধিকার চেয়েছে মোবাইল অপারেটররা। আর বকেয়া-সংক্রান্ত কোনো বিরোধ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির দাবিও জানিয়েছে সংগঠনটি। বর্তমানে ৬০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তির বিধান রয়েছে।
এসব বিষয়ে কথা বলার জন্য বিটিআরসিতে যোগাযোগের চেষ্টা করা হলে দায়িত্বশীল কোনো কর্মকর্তাই মন্তব্য করতে রাজি হননি।