আন্তর্জাতিক গন্তব্যে ডানা মেলল ইউএস-বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত রোববার ইউএস–বাংলা এয়ারলাইনসের কাঠমান্ডু গন্তব্যে উড্ডয়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ (বাঁ থেকে দ্বিতীয়) অতিথিরা l প্রথম আলো
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত রোববার ইউএস–বাংলা এয়ারলাইনসের কাঠমান্ডু গন্তব্যে উড্ডয়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননসহ (বাঁ থেকে দ্বিতীয়) অতিথিরা l প্রথম আলো

প্রথমবারের মতো আন্তর্জাতিক গন্তব্যে ডানা মেলল বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নের মধ্য দিয়ে শুরু হলো এই কার্যক্রম।
গত রোববার দুপুরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, তাঁরা শিগগিরই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফ্লাইট শুরু করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহনে বেসরকারি বিমান সংস্থাগুলো বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কোনো কোনো বিমান সংস্থা ঢাকা-চট্টগ্রামে দৈনিক সাতবার পর্যন্ত ফ্লাইট পরিচালনা করছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী বলেন, ‘প্রথমবারের মতো আন্তর্জাতিক পথে ফ্লাইট পরিচালনা শুরু করায় ইউএস-বাংলা এয়ারলাইনসের জন্য এ দিনটি একটি মাইলফলক হয়ে থাকবে।’
ঢাকায় নিযুক্ত কানাডীয় হাইকমিশনার বেনোয়া পিয়েরে লাঘামে বলেন, কানাডার তৈরি উড়োজাহাজ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে ডানা মেলেছে ইউএস-বাংলা।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সহসভাপতি মোহাম্মদ আবু জাফর বলেন, ইউএস-বাংলা সবচেয়ে শিডিউল রক্ষা করে ফ্লাইট পরিচালনা করছে।
অনুষ্ঠান শেষে ৭৬ জন যাত্রী নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ।