আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট শুরু করেছে নভো এয়ার
অভ্যন্তরীণ গন্তব্যে প্রায় তিন বছর যাত্রী পরিবহন করে এবার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে নভো এয়ার।
গতকাল মঙ্গলবার ঢাকা থেকে মিয়ানমারের ইয়াঙ্গুনে ফ্লাইট শুরু করেছে দেশের বেসরকারি এই বিমান সংস্থা। এদিন সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নভো এয়ারের আন্তর্জাতিক গন্তব্যের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) মফিজুর রহমান বলেন, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা গন্তব্যে প্রতি সপ্তাহে তিনটি শুক্রবার, রোববার ও মঙ্গলবার ফ্লাইট পরিচালনা করবে নভো এয়ার। পর্যটকদের আকৃষ্ট করতে তাঁরা বাংলাদেশ ও মিয়ানমার—উভয় দেশের পর্যটনকেন্দ্রগুলোর বিভিন্ন দিক নিয়ে প্রচার শুরু করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও নভো এয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নভো এয়ার বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ গন্তব্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোরে ফ্লাইট পরিচালনা করছে। শিগগিরই সৈয়দপুর, রাজশাহী ও বরিশালে ফ্লাইট পরিচালনা শুরু করবে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।