আন্তর্জাতিক নীতি মেনেই টিকিটের কমিশন প্রথা বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন বাংলাদেশে যে ‘নেট ফেয়ার’ নীতি অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক রীতিনীতি মেনেই করা হয়েছে। কাল ১ মার্চ থেকে এটি কার্যকর হবে। এমিরেটসের এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, নতুন এ নিয়মে ট্রাভেল এজেন্টরা বিমান সংস্থার কাছ থেকে টিকিট বিক্রির ওপর কোনো কমিশন পাবেন না, তবে যাত্রীদের কাছ থেকে প্রদত্ত সেবার জন্য সেবা মাশুল গ্রহণ করতে পারবেন। আর এ মাশুলের পরিমাণ ট্রাভেল এজেন্টরা নিজেরাই নির্ধারণ করবেন।এ প্রসঙ্গে বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার সতীশ শেঠি বলেন, ‘গৃহীত সিদ্ধান্ত সত্ত্বেও আমরা বাংলাদেশি ট্রাভেল এজেন্টদের প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। নির্দিষ্ট লক্ষ্য অর্জনকারী সব এজেন্টকে তাদের প্রদত্ত সমর্থনের স্বীকৃতিস্বরূপ আকর্ষণীয় ইনসেনটিভ প্রদান অব্যাহত থাকবে।’শেঠি আরও জানান, এমিরেটস অফিস থেকে সরাসরি টিকিট বিক্রির ক্ষেত্রেও সেবা মাশুল প্রযোজ্য হবে, যেন ট্রাভেল এজেন্টরা প্রতিযোগিতাসক্ষম হতে পারেন। বিবৃতিতে বলা হয়েছে, এমিরেটস প্রথম বিমান সংস্থা নয়, যারা এমন সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটি বাজেট এয়ারলাইন এবং একটি আইএটিএ বিমান সংস্থা অনুরূপ নীতি অবলম্বন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের সব আইএটিএ ট্রাভেল এজেন্ট ও এয়ারলাইন তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য আইএটিএ নীতিমালা অনুসরণীয়। উল্লেখ্য, কমিশন প্রথা বাতিলের প্রতিবাদে ১ মার্চ থেকে এমিরেটস ও ইত্তিহাদের টিকিট বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।