আন্তর্জাতিক পোশাক ক্রেতারা এখনই বাংলাদেশ ছাড়বে না
সাভারে রানা প্লাজায় সম্প্রতি ভবনধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনা বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলে। ডিজনির মতো প্রতিষ্ঠান এ দেশ থেকে পোশাক না কেনার ঘোষণা দেয়। বাংলাদেশ থেকে পোশাক না কিনতে আন্তর্জাতিক পোশাক বিক্রেতাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শোরুমের সামনে বিক্ষোভও করে সাধারণ ক্রেতারা।এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ব গণমাধ্যমে বারবার আশঙ্কা করা হচ্ছে, এবার বোধ হয় বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নেবে আন্তর্জাতিক খুচরা পোশাক ক্রেতাপ্রতিষ্ঠানগুলো।বাংলাদেশের পোশাক খাত নিয়ে যখন চারদিকেই নেতিবাচক প্রচারণা চলছে, ঠিক তখন আশার বাণী শোনাল ভারতীয় গণমাধ্যম হিন্দু বিজনেস লাইন। ভারতীয় পোশাক খাতের ব্যবসায়ীদের উদ্ধৃত করে বিজনেস লাইন গত বৃহস্পতিবার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে, ‘এত কিছুর পরও বাংলাদেশ ছাড়বে না আন্তর্জাতিক পোশাক ক্রেতারা। বাংলাদেশ এখনো তাদের কাছে পোশাক কেনার জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান।’ভারতীয় ব্যবসায়ীদের মতে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় সরকারি এমন কিছু সুবিধা দেওয়া হয়েছে, যার কারণে দেশটির পোশাক খাতের উদ্যোক্তাদের কাজ অনেক সহজ হয়ে গেছে। সে কারণে দেশটিতে পোশাক খাতে বিনিয়োগের পরিমাণও বেড়েছে। আর সস্তা শ্রম তো আছেই।বেঙ্গালুরুর উইয়ার ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ভি রামচন্দ্রণ বিজনেস লাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এমন দুর্ভাগ্যজনক ঘটনার পরও পোশাক ক্রেতারা বাংলাদেশ থেকে আগের মতোই বেশি পরিমাণে পোশাক কিনবে। এর বড় কারণ হলো, সে দেশে পোশাক তৈরির খরচ কম এবং কানাডা, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত সুবিধাসহ আরও কিছু সুবিধা পাওয়া যায়।’তিন দশক ধরে রামচন্দ্রণ বাংলাদেশ থেকে পোশাক কিনে তা বিভিন্ন দেশে রপ্তানি করে আসছেন। তিনি বলেন, ‘যে পর্যন্ত আমার ক্রেতারা খুশি থাকবে, সে পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক কিনতে আমি দ্বিধা করব না।’এ দেশের পোশাক খাতের ব্যয়-সুবিধার বিষয়টি ব্যাখ্যা করে রামচন্দ্রণ বলেন, ‘পাঁচটি পকেট আছে, এমন একটি জিনস প্যান্ট বাংলাদেশে তৈরি হয় এক ডলার ৩০ সেন্ট থেকে এক ডলার ৪০ সেন্টে। ভারতে একই ধরনের প্যান্ট তৈরির খরচ চার থেকে পাঁচ ডলার।’ তিনি বলেন, বাংলাদেশে যদি শ্রমিকের মজুরি ৩০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়, তাহলেও চূড়ান্ত এফওবি মূল্যের নিরিখে দেশটি পোশাক প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে পারবে। কারণ, বাংলাদেশের রপ্তানিকারকেরা শুল্কমুক্ত সুবিধা পান। অবশ্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক এ সুবিধা পায় না।’রামচন্দ্রণ আরও বলেন, পোশাক উৎপাদনকারী সব কটি দেশই প্রায় একই মানের পণ্য উৎপাদন করে। কিন্তু উৎপাদনের পরিমাণের দিক থেকে বাংলাদেশ, ভিয়েতনাম ও কম্বোডিয়া এগিয়ে আছে। ভারতের পোশাক কারখানাগুলোতে যেখানে গড়ে সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহূত হয়, সেখানে পর্যাপ্ত শ্রমিককে কাজে লাগিয়ে বাংলাদেশে উৎপাদন হয় সক্ষমতার শতভাগ।রামচন্দ্রণ মনে করেন, প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ বিনিয়োগ বোর্ডও দেশটির পোশাক খাতে বিনিয়োগ আকর্ষণে বড় ধরনের ভূমিকা রেখেছে। তিনি বলেন, ভারতের প্রায় ৪০০ পোশাক ক্রেতাপ্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছে। কারণ, সেখানে নিবন্ধন নিতে বেশি ঝামেলা পোহাতে হয় না।বাংলাদেশে নিজস্ব কার্যালয় আছে, এমন ভারতীয় পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোকে কার্যাদেশ দিতে আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানগুলো স্বস্তিতে বলে মন্তব্য রামচন্দ্রণের। তাঁর মতে, সে কারণেই ভারতের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পোশাক খাতে যৌথ বিনিয়োগে যায়। বাংলাদেশের পোশাক খাতে ভারতের অনেক ছোট ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগ রয়েছে বলে জানান তিনি।