আন্তর্জাতিক পোশাকক্রেতারা এবার ভারতমুখী হবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তৈরি পোশাক রপ্তানিকারকদের বড় প্রাণকেন্দ্র তামিলনাড়ুর তিরুপুরে বাংলাদেশ এখন বহুল আলোচিত একটি নাম। সেখানকার উদ্যোক্তা-ব্যবসায়ীরা মনে করছেন, এবার সেখানে বিদেশি পোশাকক্রেতারা বেশি হারে আসবেন। আর এ সুযোগ তৈরি করে দিয়েছে খোদ বাংলাদেশই!সম্প্রতি সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১২৯ শ্রমিক নিহত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক খুচরা পোশাকবিক্রেতা প্রতিষ্ঠানগুলোর ওপর বাংলাদেশ থেকে পোশাক না কেনার জন্য চাপ তৈরি হয়েছে। অন্যদিকে, এসব প্রতিষ্ঠানের কাছে তিরুপুরের প্রস্তুতকারক-ব্যবসায়ীরাও পোশাক সরবরাহ করেন।এ অবস্থায় বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করলে আন্তর্জাতিক ক্রেতারা তিরুপুর থেকে বেশি পরিমাণে পোশাক কিনবেন কি না সে নিয়ে জোর আলোচনা চলছে। তিরুপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ শক্তিবেল এর উত্তর দিয়েছেন এভাবে, বাংলাদেশের পোশাক কারখানাগুলোর অবস্থা ভালো না হওয়ার পরও আন্তর্জাতিক পোশাকক্রেতারা চুপ করে আছেন। কারণ শুল্কসুবিধা ও সস্তা শ্রমের কারণে অন্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে তাঁরা ১০ শতাংশ কম দামে পোশাক কিনতে পারছেন।তিরুপুরের পোশাক কারখানাগুলোকে ‘কর্মপরিবেশ মানসম্মত’ (কমপ্লায়েন্স ওরিয়েন্টেড) বলে উল্লেখ করে শক্তিবেল আরও বলেন, পশ্চিমা ক্রেতারা এখন হয়তো ভারত থেকে বেশি পোশাক কিনবেন।তবে শক্তিবেল যতই বলুন না কেন তিরুপুরের রপ্তানিকারকদের বড় একটি অংশই মনে করেন, বাংলাদেশ থেকে কম খরচে পোশাক কিনতে পারার সুবিধার কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সে দেশ ছেড়ে যাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে, তিরুপুরের পোশাক তৈরির ব্যয় এমনিতেই বেশি। সামনের দিনগুলোতে তা আরও বাড়তে পারে।ওয়ালমার্ট, এইচঅ্যান্ডএম, ক্যারিফোর, সিঅ্যান্ডএ, টমি হিলফিজার, মার্কস অ্যান্ড স্পেনসারের মতো বিশ্বখ্যাত পোশাকবিক্রেতা প্রতিষ্ঠানের কাছে পোশাক সরবরাহ করেন তিরুপুরের বস্ত্র খাতের ব্যবসায়ীরা। বাংলাদেশের সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানের কাছে নিজেদের তৈরি পোশাকের বিক্রি আরও বাড়াতে আগ্রহী তাঁরা।তিরুপুর থেকে প্রতিবছর ১৩ হাজার কোটি রুপির পোশাক রপ্তানি হচ্ছে। এর ৬৫ শতাংশই যাচ্ছে ইউরোপের দেশগুলোতে।ব্যয় বেশি: তিরুপুরের কয়েকজন রপ্তানিকারক বলেছেন, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ ছাড়ার সম্ভাবনা কম। কারণ সেখান থেকে পোশাক কিনলে তাদের বড় ধরনের খরচ কমে যায়। অন্যদিকে, তিরুপুরের কারখানাগুলোতে পোশাক তৈরির খরচ বাংলাদেশের তুলনায় বেশি। গত চার বছরে উৎপাদন ব্যয় ৫০ শতাংশ বেড়েছে। আর বিদ্যুতের সংকটে পরিচালন ব্যয় বাড়ায় উৎপাদন ব্যয় আরও ৭ শতাংশ বাড়ার আশঙ্কা রয়েছে।একটি পোশাক কারখানার ব্যবস্থাপক মনে করেন, নতুন করে ব্যয় বাড়ালে বাংলাদেশে যত সমস্যাই থাকুক না কেন, আন্তর্জাতিক ক্রেতারা আবারও সেখানে ছুটবে। তাঁর মতে, সবকিছুর পরও ব্যান্ডগুলো কম দামে পণ্য পেতে চায়।ইউরোপের বড় পোশাকবিক্রেতা ব্র্যান্ডগুলো বাংলাদেশের পোশাক কারখানার নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে এরই মধ্যে চুক্তি সই করার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় প্রতিষ্ঠানগুলো প্রচুর অর্থ এ দেশে বিনিয়োগ করবে।চীনের পর বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয় বৃহৎ পোশাক রপ্তানিকারী দেশ। সস্তা শ্রমের কারণে প্রতিবছরই বিশ্বব্যাপী এ দেশের পোশাকের বাজার বাড়ছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পোশাক কেনার কৌশলে পরিবর্তন আসবে কি না, জানতে চাওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়ালমার্টের কাছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘২০ বছর ধরেই ওয়ালমার্ট ভারত থেকে মানসম্মত পোশাক কিনে আসছে এবং দেশটি এখনো আমাদের কাছে পোশাক কেনার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। বিশ্বব্যাপী ওয়ালমার্টের শোরুমগুলোতেও এসব পোশাক বিক্রি হচ্ছে।’ তবে ওয়ালমার্ট কোন দেশ থেকে কী পরিমাণ পোশাক কেনে, সে বিষয়ে কোনো তথ্য দেননি ওই মুখপাত্র।একই প্রশ্ন জার্মানির মেট্রো ও সুইডেনের এইচঅ্যান্ডএমের কাছে জানতে চাওয়া হলেও প্রতিষ্ঠানগুলো এতে সাড়া দেয়নি। যদিও দুটি প্রতিষ্ঠানই তিরুপুর থেকে পোশাক কেনে। [বিজনেস স্ট্যান্ডার্ড অবলম্বনে]