আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিপূরণ দিতে ব্যর্থ

আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে আগুন লেগেছিল গত বছরের ২৪ নভেম্বর। ওই ঘটনায় মারা গিয়েছিল ১১২ জন শ্রমিক। অনেক শ্রমিক এখনো শারীরিক ক্ষত বয়ে বেরাচ্ছেন।
কিন্তু হতাহতরা এখনো পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি। এই কারখানার আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোও এখনো কোনো একজন দরিদ্র শ্রমিক কিংবা তাঁর পরিবারকে সহায়তা করেনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত রোববার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
সম্প্রতি হিউম্যান রাইটস ওয়াচ কয়েকজন শ্রমিক ও নিহত শ্রমিকের স্বজনের সাক্ষাৎকার নিয়েছে। তাঁরা বলেছেন, শ্রমিকদের বড় একটি অংশই কোনো ক্ষতিপূরণ পাননি।
একজন বলেছেন, তাঁর স্বামী এখন ক্ষতিপূরণের টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। কয়েকজন জানিয়েছেন, তাঁদের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব না।
তাজরীনে যখন আগুন লাগে তখনো ওই কারখানায় ওয়ালমার্ট, সিয়ার্স, কার্ল রেকার এবং টেডি অ্যান্ড স্মিথের মতো বিশ্বখ্যাত খুচরা পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর জন্য পোশাক তৈরি হচ্ছিল। অবশ্য অগ্নিকাণ্ডের পর সবগুলো প্রতিষ্ঠানই দাবি করেছিল, তাদের অজ্ঞাতেই ওই কারখানায় তাদের জন্য পোশাক তৈরি হচ্ছিল। তবে ওই প্রতিষ্ঠানগুলোসহ আরও ১৬টি প্রতিষ্ঠানকে তাজরীনের সঙ্গে সম্পর্ক কেমন ছিল তার ব্যাখা জানতে চেয়ে হিউম্যান রাইটস ওয়াচ চিঠি দিলেও প্রতিষ্ঠানগুলো কোনো জবাব দেয়নি।
সাক্ষাৎকারে শ্রমিকেরা জানান, অগ্নিকাণ্ডের দিনও তাজরীনে বড় একটি কার্যাদেশের কাজ চলছিল। সে কারণে অগ্নিসংকেত বেজে ওঠার পরও কারখানার ব্যবস্থাপকেরা তাঁদের কাজ ছেড়ে না ওঠার নির্দেশ দিয়েছিলেন। কারখানারই কয়েকজন বাইরে বের হওয়ার কয়েকটি দরজাতেও তালা লাগিয়ে দেন। এমনকি বের হওয়ার পথকে সরবরাহ হতে যাওয়া ওই কার্যাদেশের পোশাক দিয়েও আটকে দেওয়া হয়।
হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, তাজরীন ফ্যাশনসে যেসব আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠানের জন্য পোশাক তৈরি হতো, তাদের উচিত হতাহত শ্রমিকদের পূর্ণ ও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রচেষ্টায় গঠিত উদ্যোগে দ্রুত যোগ দেওয়া।