আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় ভালো সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা জমে উঠেছে। প্রতিদিন অসংখ্য ক্রেতা ও দর্শনার্থী মেলায় আসছে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে গিয়ে তারা পছন্দের প্লাস্টিক সামগ্রী কিনছে ও কার্যাদেশ দিচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্লাস্টিক মেলা উদ্বোধন করেন। মেলাটি বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চান চো ইন্টারন্যাশনাল করপোরেশন লিমিটেড যৌথভাবে আয়োজন করেছে।এবারের প্লাস্টিক মেলায় সর্বমোট সাড়ে ৩০০ স্টল আছে। এর মধ্যে দেশীয় ৫২টি প্রতিষ্ঠানের ১৫০টি স্টল আছে। এ ছাড়া চীন, ভারত, তাইওয়ান, ভিয়েতনাম, কোরিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ ১৪টি দেশের ১৪০টি প্রতিষ্ঠানের ২০০টি স্টল আছে। মেলায় দেশীয় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্যসামগ্রী, খেলনা, আসবাবপত্র, পিভিসি পাইপ, পোশাক খাতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য মোড়কজাতকরণের প্লাস্টিক পণ্য প্রর্দশন ও বিক্রি করছে। অন্যদিকে, বিদেশি প্রতিষ্ঠানগুলো প্লাস্টিকপণ্য উত্পাদনে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও যন্ত্রপাতি, কাঁচামাল, মোল্ড, মাস্টারব্যাচ ইত্যাদি প্রদর্শন করছে। বিপিজিএমইএর সভাপতি সামিম আহমেদ প্রথম আলোকে বলেন, প্লাস্টিক মেলায় ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিদেশি ক্রেতাদের কাছ থেকেও প্রচুর কার্যাদেশ পাচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো। বৃহস্পতিবার মেলা শুরুর দিন থেকে গতকাল দুপুর পর্যন্ত প্রায় অর্ধলাখ দর্শনার্থী মেলায় এসেছে বলে জানান তিনি। আয়োজকেরা জানান, আজ রোববার চার দিনব্যাপী এই প্লাস্টিক মেলার শেষ দিন। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। মেলায় কোনো প্রবেশ ফি নেই।