আন্তর্জাতিক ফোন কলে চার শর্ত লঙ্ঘন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিআরসি বলেছে, আইজিডব্লিউ ও আইসিএক্স লাইসেন্সিং নীতিমালার চারটি শর্ত লঙ্ঘিত হচ্ছে। সম্প্রতি দেশের সব আইজিডব্লিউ, আইসিএক্স ও এএনএসকে এ বিষয়ে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে টেলিযোগাযোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সংস্থাটি।

বিদেশ থেকে ফোন কল আসা-যাওয়া করে মূলত তিনটি স্তরের মাধ্যমে। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) এবং এক্সেস নেটওয়ার্ক সার্ভিস (এএনএস) বা মোবাইল অপারেটর কোম্পানি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আইজিডব্লিউ ও আইসিএক্স লাইসেন্সধারী কোম্পানি এবং এনএনএসকে সাম্যতার নীতি ঠিক করে দিলেও সংস্থাটি সম্প্রতি পরীক্ষা করে দেখেছে, এ নীতি বজায় থাকছে না। আইজিডব্লিউ ও আইসিএক্সগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো ফল পাচ্ছে না বিটিআরসি।   

 অবৈধ কল ঠেকাতে গত তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি পর্যায়ে তিনটি আইজিডব্লিউ, দুটি আইসিএক্স এবং একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) লাইসেন্স দিয়েছিল। এর বাইরে তখন একমাত্র সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলকে দেওয়া হয়েছিল একটি করে আইজিডব্লিউ, আইসিএক্স এবং আইআইজি লাইসেন্স।

তবে অবৈধ কল আসা-যাওয়া বন্ধ করতে গত বছর ৮৬টি লাইসেন্স দেয় বর্তমান সরকার। নতুন করে আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হয় ২৬টি, আইসিএক্স ২৩টি এবং আইআইজি ৩৭টি।

শর্ত লঙ্ঘন: আইজিডব্লিউ লাইসেন্সিং নীতিমালার ১৫(২) এবং আইসিএক্স লাইসেন্সিং নীতিমালার ১০ (১) শর্তে বলা হয়েছে, ‘বাংলাদেশ থেকে বিদেশে কল করার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার (ব্যালান্সড ট্রাফিক) জন্য ৯০ শতাংশ কল আইজিডব্লিউ অপারেটরগুলোর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে।’

আইজিডব্লিউ লাইসেন্সিং নীতিমালার ১৫ (১) এবং আইসিএক্স লাইসেন্সিং নীতিমালার ১০(২) শর্তে বলা হয়েছে, ‘ভারসাম্য বজায় রাখার জন্য বিদেশ থেকে দেশে কল আসার ক্ষেত্রে আইসিএক্স অপারেটরগুলোর মধ্যে ভাগ করে দিতে হবে ৯০ শতাংশ কল।’

আইসিএক্স লাইসেন্সিং নীতিমালার ১০(৩) ও ১০ (৪) শর্তে বলা হয়েছে, ‘দেশ থেকে বিদেশে কল করার ক্ষেত্রে এএনএসগুলো আইসিএক্স কোম্পানিগুলোকে ৯০ শতাংশ কল ভাগ করে দেবে। আর স্থানীয় কলের ক্ষেত্রে আইসিএক্সগুলোকে ভাগ করে দেবে ৯৫ শতাংশ কল।’

চিঠিতে বিটিআরসি বলেছে, নতুন আইজিডব্লিউ ও আইসিএক্স অপারেটরগুলোর প্রায় সবাই বাণিজ্যিক কার্যক্রম শুরু করার পর যথেষ্ট সময় পার করলেও নির্দেশনা পরিপালন করছে না।

নেপথ্যে পুরোনো আইজিডব্লিউ: সরকারি-বেসরকারি মিলিয়ে তিন পুরোনো আইসিএক্স হলো বিটিসিএল, গেটকো টেলিকম ও এম অ্যান্ড এইচ টেলিকম। চার পুরোনো আইজিডব্লিউ হলো বিটিসিএল, বাংলাট্র্যাক টেলিকমিউনিকেশনস, মীর টেলিকম ও নভোটেল লিমিটেড।

বর্তমান সরকার যখন নতুন লাইসেন্স দিয়েছে, মীর টেলিকম তখন ‘বাংলা টেলিকম’ নামে একটি আইসিএক্স লাইসেন্স নিয়েছে। আবার নভোটেল ও বাংলাট্র্যাক মিলে লাইসেন্স নিয়েছে ‘বাংলা আইসিএক্স’ নামের আরেকটি আইসিএক্স লাইসেন্স।

জানা গেছে, পুরোনো আইজিডব্লিউগুলো তাদের নিজস্ব আইসিএক্স দিয়ে বেশির ভাগ কলের কাজ করছে। শুধু আন্তর্জাতিক নয়, স্থানীয় কলেও সাম্যতা না থাকার পেছনে এ কোম্পানিগুলো দায়ী।

সূত্র জানায়, কার্যক্রম শুরু করতে না পারা একমাত্র আইজিডব্লিউ কোম্পানি হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেটওয়ে লিমিটেড (বিআইজিএল)। আর আইসিএক্স কোম্পানি হচ্ছে দুটি এসআর টেলিকম লিমিটেড ও এমএম কমিউনিকেশনস লিমিটেড। 

বক্তব্য: বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই দেখছি। সাম্যতার নীতি বজায় রাখার জন্য কোম্পানিগুলোকে আবারও তাগিদ দেওয়া হবে।’

টেলিকম ইনফ্রাস্ট্রাকচার ওনার্স অব বাংলাদেশের (টিআইওবি) সভাপতি মীর নাসির প্রথম আলোকে বলেন, নতুন অনেক কোম্পানি চলে আসায় এএনএসগুলোর সঙ্গে আন্তসংযোগ অনেক ব্যয়বহুল। তবে শিগগিরই সমাধান হয়ে যাচ্ছে।

আইসিএক্স লাইসেন্সধারী কোম্পানিগুলোর সংগঠন আইসিএক্স বিডি ফোরামের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেন, মীর টেলিকম, নভোটেল এবং বাংলা ট্র্যাকের কারণে কল আসা-যাওয়ায় সাম্যতার নীতি বজায় থাকছে না। বিটিআরসিকে এ নিয়ে বহুবার জানানো হলেও কোনো লাভ হয়নি।