আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর প্রতি আউন্স ১,৮০০ ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দর গতকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো এক হাজার ৮০০ ডলার অতিক্রম করেছে। আর্থিক বাজারে অনিশ্চয়তা বাড়তে থাকায় নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের দিকে অধিক মাত্রায় বিনিয়োগকারীরা ঝুঁকে পড়ায় দাম বেড়ে গেছে।এর ফলে পাঁচ মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর প্রতি আউন্স এক হাজার ৩৫০ ডলার থেকে দফায় দফায় মোট ৩৩ শতাংশ বাড়ল।গতকাল দিনের প্রথমভাগে একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণ এক হাজার ৮১৪ ডলার ৫০ সেন্ট থেকে এক হাজার ৮১৫ ডলার ৫০ সেন্টের মধ্যে বেচাকেনা হয়। খবর এএফপির।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঋণমানের অবনতির পর গতকাল জোর গুজব ছড়িয়ে পড়ে যে ফ্রান্সের ঋণমানের অবনতি হতে যাচ্ছে। কেননা, দেশটির আর্থিক খাত বিশেষত ব্যাংকগুলোর নাজুক অবস্থা ক্রমেই প্রকাশ পাচ্ছে।তবে ফরাসি সরকার এই গুজব নাকচ করে দিয়েছে। আর অন্যতম আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচে জানিয়েছে, ফ্রান্সের ঋণমান ‘এএএ’ বহাল আছে।তার পরও এই খবরে শেয়ার, বন্ড ও মুদ্রায় বিনিয়োগকারীরা আবার বিচলিত হয়ে পড়েন। তাঁরা তাঁদের বিনিয়োগ স্বর্ণের দিকে স্থানান্তর করার জন্য সক্রিয় হয়ে ওঠেন। এর ফলে গতকাল বিশ্বের বিভিন্ন শেয়ারবাজারেও দরপতন ঘটে।বুধবার এশিয়া ও ইউরোপে শেয়ারবাজার ঘুরে দাঁড়ালেও যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট শেষ পর্যন্ত পতনের মুখ দেখে। এর জের ধরে পরের দিন অর্থাৎ এশিয়া ও ইউরোপের বিভিন্ন শেয়ারবাজার আবার পড়ে যায়।উল্লেখ্য, বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গতকাল যখন এই প্রতিবেদন লেখা হয়, তখন যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার দিনের লেনদেন শুরু হয়নি। ফলে আমেরিকার বাজারের হালনাগাদ অবস্থা এখানে জানানো সম্ভব হয়নি।এদিকে বিশ্ববাজারে ক্রমাগতভাবে স্বর্ণের দর বাড়তে থাকার প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। গতকাল থেকে বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের (২২ ক্যারেট) দর বেড়ে হয়েছে ৫৩ হাজার ৮৩০ টাকা। অথচ গত ৩ আগস্টই স্বর্ণের দর বাড়িয়ে ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ নিয়ে চলতি মাসেই দুই দফা দাম বাড়ানো হলো।এর ফলে দেশে এখন সবচেয়ে ভালো মানের স্বর্ণের গয়না বা অলংকার নির্মাণের দর ভরিপ্রতি ৬০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। গতকাল থেকে স্থানীয় বাজারে ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দর এক হাজার ৭৯০ টাকা বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিভরি স্বর্ণের গয়না কিনতে হলে ক্রেতাকে মজুরি হিসেবে চার হাজার টাকা এবং মূল্য সংযোজন কর হিসেবে সরকারকে সাড়ে ৪ শতাংশ দিতে হবে। সেই হিসাবে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের গয়নার দর পড়বে ৬০ হাজার ৪৩২ টাকা।এ ছাড়া গতকাল থেকে রাজধানীর বাজারে ২১ ক্যারেটের স্বর্ণ ৫১ হাজার ৪৩৮ টাকা ও ১৮ ক্যারেটের স্বর্ণ ৪৫ হাজার ৫৯০ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের অলংকার ভরিপ্রতি ৩৫ হাজার ১০৮ টাকা দরে বিক্রি হচ্ছে।অথচ আগের দিন বুধবারও প্রতি ভরি ২১ ক্যারেট ৪৯ হাজার ৭৪৭ টাকা ও ১৮ ক্যারেট ৪৪ হাজার ৩২ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের অলংকার ভরিপ্রতি ৩৪ হাজার ৪০৯ টাকা দরে বিক্রি হয়েছে।এই নিয়ে চলতি বছরের প্রথম আট মাসে ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বমোট নয় হাজার ৬৬৫ টাকা বাড়ানো হয়েছে। আর এক বছরের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দর ১৬ হাজার ৬২২ টাকা বেড়েছে।চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪২ হাজার ১৬৫ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৩৫ হাজার ৮৬৬ টাকা ও সনাতনী ২৭ হাজার ৫২৭ টাকা।অন্যদিকে ২০১০ সালের আগস্ট মাসে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৩৭ হাজার ২০৮ টাকা, ২১ ক্যারেট ৩৫ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেট ৩১ হাজার ৬৬৮ টাকা ও সনাতনী ২৪ হাজার ৬১১ টাকা দরে বিক্রি হয়েছে।স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা ও দাম বাড়ায় এর প্রভাবে দেশীয় বাজারেও মূল্য বেড়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে দর বাড়া বা কমার ওপর দাম পরিবর্তন করা হয়।তাঁরা আরও জানান, আন্তর্জাতিক বাজারে বাড়ানোর সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারে বাড়িয়ে দেওয়া হয়। তা না হলে প্রতিবেশী দেশগুলোতে অবৈধ পথে চলে যাওয়ার আশঙ্কা থাকে।