আন্তর্জাতিক বাণিজ্যে আর কাগুজে দলিলপত্র নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে এক দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্যিক কার্যক্রমে কাগুজে দলিলপত্রের দিন প্রায় শেষ হয়ে এসেছে। বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকেও কাগুজে দলিলপত্রহীন (পেপারলেস) বাণিজ্যিক কার্যক্রমের সক্ষমতা অর্জন করতে হবে। এক দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্য যথাসম্ভব কাগজবিহীন হলে ব্যবসায়ীদের সময় যেমন বাঁচবে, তেমনি কমবে খরচও।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ‘ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ফেসিলিটেশন ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এমন অভিমত উঠে এসেছে। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যসচিব শুভাশীষ বসু। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এতে বিশেষ অতিথি ছিলেন।

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলী আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্ধারিত আলোচক ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) চেয়ারম্যান মুনশি ফয়েজ আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম এবং কারিগর-এর ব্যবস্থাপনা অংশীদার তানিয়া ওয়াহাব।

আলোচনায় আরও অংশ নেন প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক আফরোজা খান, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ফিরোজ শাহ আলম, বিএফটিআইয়ের পরিচালক অমিতাভ চক্রবর্তী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যসচিব বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আর কাগজবিহীন বাণিজ্যিক কার্যক্রম এখন সময়ের দাবি। তবে বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশকে আরও প্রযুক্তি সক্ষমতা অর্জন করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি), রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জিএসপি-সংক্রান্ত বিষয় এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে (সিসিআইই) ইতিমধ্যে স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে জানান সচিব।

বক্তারা বলেন, উন্নত বিশ্ব এখন কাগজবিহীন কার্যক্রমের সুবিধা ভোগ করছে। ডিজিটাল পদ্ধতিতে বাণিজ্য পরিচালনার সক্ষমতা অর্জন এবং বাণিজ্য সহজীকরণে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সঙ্গে বাংলাদেশ সরকারও প্রতিশ্রুতিবদ্ধ। এতে ব্যবসায়ীদের শুধু সময় এবং খরচই বাঁচবে না, বিভিন্ন খাতে দুর্নীতিও কমবে। তবে এ পদ্ধতি কার্যকর করতে সরকারের চলমান আইন, বিধি ও নীতির পরিবর্তন করতে হবে।

সভায় উপস্থাপিত প্রবন্ধে জানানো হয়, কাগজবিহীন আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রমে ব্যবসায়ের খরচ কমবে বর্তমানের তুলনায় ১৭ থেকে ৩১ শতাংশ এবং রপ্তানির সময় কমবে ২৪ থেকে ৪৪ শতাংশ। এ ছাড়া ব্যবসায়ীদের বাণিজ্যবহির্ভূত চর্চা বন্ধ হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।